
শেষ আপডেট: 22 November 2023 21:58
দ্য ওয়া্ল ব্যুরো: রশ্মিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ, কাজলে পর সারা তেন্ডুলকর। ভুয়ো ভিডিয়ো ঘিরে ফের তোলপাড় দেশ। এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভিডিয়োয় থাকা মুখকে ডিজিট্যালি বদলে রশ্মিকার মুখ ব্যবহার করা হয়েছিল। তখন থেকেই ডিপফেক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার একই ঘটনার শিকার হলেন সচিন কন্যা সারা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায়, শুভমন গিলের কাঁধে হাত রেখে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন সচিন কন্যা সারা! সচিন কন্যার সঙ্গে শুভমন ডেট করছেন, মুহূর্তে ছড়িয়ে পড়ে গুজব। পরে জানা যায় যে, ভাইরাল হওয়া ছবি 'ডিপ ফেক'! ফটোশপের সাহায্যে অর্জুন তেন্ডুলকরের মুখের জায়গায় শুভমনের মুখ বসানো হয়েছে।
ইতিমধ্যে এ বিষয়ে সোশ্যাল মাধ্যমে সরব হয়েছেন শচীন কন্যা। ইনস্টায় বিবৃতি দিয়ে সারা লিখেছেন, 'সোশ্য়াল মিডিয়ার মতো অসাধারণ জায়গায় প্রযুক্তির অপব্যবহার দেখে আমি বিরক্ত। মানুষকে বিভ্রান্ত করার জন্য আমার ছদ্মবেশে এক্সে বেশ কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এবং সেখান থেকে বেশ কিছু ফেক ছবি ছাড়া হয়েছে, বাস্তবে যার কোনও অস্তিত্ব নেই।”
সারা আরও লিখেছেন, “এক্সে আমার কোনও অ্যাকাউন্ট নেই। আশা করি এক্স কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে এবং সংশ্লিষ্ট ফেক অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করবে।”
সম্প্রতি এই এআই প্রযুক্তির শিকার হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! ভাইরাল হওয়া ভিডিওয় তাঁকে গান গাইতে দেখা গিয়েছিল।
এই ডিপফেক নিয়ে আগেই সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গত ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন থেকে এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে মোদী বলেছিলেন, “এআই এর নেতিবাচক প্রভাব নিয়ে সারা বিশ্ব চিন্তিত। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। সমাজ এবং ব্যক্তির জন্য ডিপফেক অত্যন্ত বিপজ্জনক। এই জিনিস বন্ধ করার জন্য আন্তর্জাতিক আইন জরুরি। সকল দেশকে একত্রিতভাবে এগিয়ে আসতে হবে।”
এই ডিপফেক কী? ডিপফেক হল এমনই একটি প্রোগ্রাম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি ধরন ‘ডিপ লার্নিং টেকনোলজি’ ব্যবহার করে তৈরি করা হয়। মূলত এই পদ্ধতিতে অডিও, ভিডিও ও ছবিতে কারসাজি করে এমন কনটেন্ট বানানো হয়, যা দেখে আসল কি নকল তা বোঝার উপায় থাকে না।