
ফাইল চিত্র
শেষ আপডেট: 2 April 2024 14:49
দ্য ওয়াল ব্যুরো: আবগারি মামলায় কিছুটা স্বস্তি পেল আপ। জামিন পেলেন দলের নেতা সঞ্জয় সিং। সু্প্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। গত বছর অক্টোবর মাসে আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন সঞ্জয়। ৬ মাস পর ভোটের মুখে জামিন পেলেন তিনি।
গত মাসে এই মামলাতেই সবচেয়ে বড় গ্রেফতারি হয়েছে। ইডি গ্রেফতার করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এর আগে আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন আপ নেতা সত্যেন্দ্র সিং, দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আম আদমি পার্টির মোট চারজন বড় মাপের নেতার গ্রেফতারিতে হইচই পড়ে গেছে। তারই মধ্যে মঙ্গলবার শীর্ষ আদালত জামিন মঞ্জুর করল সঞ্জয় সিংয়ের। তবে ইডি এই জামিনের কোনও বিরোধিতা করেনি।
আপ নেতাকে জামিন দিয়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, তাঁকে কিছু শর্ত মানতে হবে যা ঠিক করে দেবে আদালত। সবথেকে বড় স্বস্তির বিষয়, আসন্ন লোকসভা ভোটে দলের হয়ে কাজ করতে পারবেন সঞ্জয় সিং। রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত হতে কোনও বাধা নেই তাঁর।
অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর আপ-এর তরফে জানানো হয় যে, জেল থেকেই তিনি সরকার চালাবেন। ইতিমধ্যে আবার কেজরিওয়ালের স্ত্রী সুনীতাকেও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে। মঙ্গলবারই কেজরিওয়ার পত্নী সুনীতা মুখ্যমন্ত্রীর বাংলোয় আপ বিধায়কদের বৈঠকে ডেকেছেন। সেই বৈঠক থেকে কী বেরিয়ে আসে তার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।