
ইউক্রেনের ডিনিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে।
শেষ আপডেট: 21 November 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনে এই প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। আমেরিকার কাছ থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাবে রুশ বাহিনীর ৫ হাজার কিমি পাল্লার আইসিবিএম হানা ইউক্রেন সহ মার্কিন ও পশ্চিমী দুনিয়াকে বিরাট বার্তা বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ইউক্রেনের বিমানবাহিনীকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, রাশিয়া ১০০৩ দিনব্যাপী যুদ্ধে এই প্রথমবার পরমাণু অস্ত্রবহনে সক্ষম শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
বিমানবাহিনী জানিয়েছে, ইউক্রেনের ডিনিপ্রো শহরে এই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। এই সপ্তাহের গোড়ার দিকে ইউক্রেন রাশিয়ার মাটিতে ব্রিটেন এবং আমেরিকার তৈরি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তার পরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি নয়া সনদে সই করেন। যাতে পরমাণু অস্ত্র প্রয়োগের ছাড়পত্র দেন তিনি।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রাশিয়া এদিন আরএস-২৬ রুবেজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই ক্ষেপণাস্ত্র ৫৮০০ কিমি দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম। এটি পরমাণু অস্ত্রক্ষমতাসম্পন্ন হলেও ইউক্রেনে পরমাণু বোমা মারেনি রাশিয়া।