
শেষ আপডেট: 18 February 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা কমল নাথ নাকি কংগ্রেস ছাড়তে চলেছেন! শনিবার দিনভর সেই চর্চার পর এবার কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিরও দল ছাড়ার জল্পনা শুরু হয়েছে। তিনিও নাকি কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রেখেছেন!
কমল নাথের দলবদলের জল্পনার মাঝেই মণীশ তিওয়ারিকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এমনকী বিজেপির সঙ্গে নিয়মিত কংগ্রেস নেতা যোগাযোগ রাখছেন। পাঞ্জাবের লুধিয়ানা থেকে বিজেপির টিকিটে তাঁর লোকসভা নির্বাচনে লড়ার সম্ভাবনা রয়েছে বলেও খবর রটেছে।
যদিও এই খবর ‘ভিত্তিহীন’ বলে মণীশের অফিসের তরফে দাবি করা হয়েছে। কংগ্রেস অফিসের তরফে জানানো হয়েছে, ''মণীশ তিওয়ারির বিজেপিতে যোগদানের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। উনি নিজের কেন্দ্রেই রয়েছেন এবং উন্নয়ন কাজ দেখছেন।''
প্রসঙ্গত, ছেলে ও সাংসদ নকুলনাথকে নিয়ে শনিবার সন্ধেয় দিল্লি পৌঁছন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। সপুত্র তিনি বিজেপিতে যোগ দিতে পারেন এমন সম্ভাবনা নিয়ে এদিন দিনভর সরগরম ছিল রাজ্য-রাজনীতি। বর্ষীয়ান কংগ্রেস নেতার ছেলে শনিবার সকালে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ‘কংগ্রেস’ পরিচয় মুছে দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়। তার মধ্যে ছেলে নকুলনাথকে নিয়ে কমলনাথ দিল্লি যাত্রা করায় অনেকেই দুয়ে দুয়ে চার করতে শুরু করেছিলেন। তবে দিল্লি পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কমলনাথ বলেন, “এই রকম কিছু ঘটলে আপনাদেরই সবার আগে জানাব।”
এরই মধ্যে মণীশের দল ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। কংগ্রেসের অন্দরে বাড়তে থাকে অস্বস্তি।