
শেষ আপডেট: 15 November 2023 17:03
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে ১ মিনিটে কোটিপতি!
দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে রাতারাতি ক্রেডিট হয়েছিল ৪ কোটি টাকা! মোবাইযে মেসেজ দেখার পর ৩৭ বছরের আসলাম নিজের গায়ে চিমটি কেটে দেখেছিলেন, যা দেখছেন আদৌ কি সত্যি! যখন বুঝলেন সত্যিই এমনটা হয়েছে, তখন আর ৫ জনের মতো আনন্দে আটখানা না হয়ে উল্টে আতঙ্কে দিশেহারা হয়ে গিয়েছিলেন তিনি। অবস্থা এমনই হল যে ১১২ ডায়াল করে পুলিশে খবর দিলেন তিনি।
৩৭ বছর বয়সি মহম্মদ আসলামের বাড়িও উত্তরপ্রদেশের আলিগড়ে। তিনি পেশায় একজন কেমিস্ট। শহরে একটি ওষুধের দোকান রয়েছে আসলামের। যুবক জানিয়েছেন, দীপাবলীর রাতে হঠাৎ করেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হু হু করে টাকা ঢুকতে শুরু করে। আইডিএফসি এবং ইউকো ব্যাংকের দুটি অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ৫ কোটি টাকা ক্রেডিট হয় রাতারাতি।
বিস্ময়ের প্রাথমিক ঘোর কাটতেই আসলাম খুঁজতে শুরু করেন কোথা থেকে ওই টাকা জমা পড়েছে তাঁর অ্যাকাউন্টে। কিন্তু হাজার চেষ্টা করেও প্রেরকের নাম বের করতে পারেননি তিনি। এরপরেই বড়সড় বিপদে জড়িয়ে পড়তে পারেন আশঙ্কা করে ১১২ ডায়াল করে থানায় খবর দেন আসলাম।
যুবক জানিয়েছেন, ১১ এবং ১২ নভেম্বরের মাঝের রাতে দুটি অ্যাকাউন্ট মিলিয়ে মোট ৪ কোটি ৭৮ লক্ষ টাকা জমা পড়ে। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেও তিনি জানতে পারেননি কোথা থেকে এবং কীভাবে এই বিপুল অঙ্কের টাকার মালিক হয়ে গেলেন তিনি রাতারাতি।
"এরপরেই আমি ১১২ ডায়াল করে থানায় খবর দিই। থানা থেকে আমাকে ডেকে পাঠানো হয়। আমি সেখানে গিয়ে অভিযোগ দায়ের করে এসেছি। প্রয়োজনে আমি পুলিশের বড়কর্তাদের সঙ্গে দেখা করে কথা বলব," জানিয়েছেন আসলাম।
এ ব্যাপারে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তাঁরা অভিযোগ এই বিষয়টি খতিয়ে দেখছেন। ব্যাঙ্কেরর ম্যানেজারের সঙ্গেও এ ব্যাপারে কথা বলছেন তাঁরা। ব্যাঙ্ক খোলার পরেই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।