
ফাইল ছবি।
শেষ আপডেট: 7 August 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: রেল কর্মী বলে শুধু রেলের পরিচয় পত্র নিয়ে ট্রেনে উঠলে হবে না। কাটতে হবে বৈধ টিকিটও। সম্প্রতি একটি মামলার শুনানিতে রেলওয়ে ট্রাইবুন্যালের আহমেদাবাদ বেঞ্চ এই রায় দিয়েছে।
রেলওয়ে ট্রাইব্যুনালের তরফে সাফ জানানো হয়েছে, আর পাঁচজন রেলযাত্রীর মতো আরপিএফ, জিআরপি কর্মীদেরও ডিউটিতে যাওয়ার সময় ট্রেনের টিকিট কাটতে হবে।
হঠাৎ রেলের এমন পদক্ষেপ কেন? রেল সূত্রের খবর, ডিউটিতে থাকাকালীন ২০১৯ সালের ১৩ নভেম্বর রেল দুর্ঘটনার কবলে পড়েছিলেন আরপিএফের এক কর্মী। দুর্ঘটনায় তাঁর বাম পায়ের একাংশ বাদ যায়। ওই ঘটনায় রেলের বিরুদ্ধে ৮ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন ওই রেলকর্মী।
মামলার তদন্তে নেমে রেল পুলিশ জানতে পারে, সংশ্লিষ্ট রেলকর্মীর সঙ্গে রেলের বৈধ টিকিট ছিল না। তিনি স্রেফ পরিচয় পত্র সঙ্গে নিয়ে ট্রেনে উঠেছিলেন।
ওই মামলাতেই সংশ্লিষ্ট রেলকর্মী আর্জি খারিজ করে রেলওয়ে ট্রাইব্যুনাল জানিয়েছেন, বৈধ টিকিট না থাকলে কাউকে রেলের বৈধ যাত্রী হিসেবে গণ্য করা যায় না। তাই সংশ্লিষ্ট আরপিএফ কর্মীর আর্জি খারিজ করা হচ্ছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল এও জানিয়ে দেয়, স্রেফ পরিচয় পত্র দেখিয়ে ট্রেনে ওঠা যাবে না। এখন থেকে রেলযাত্রীদের মতো জিআরপি, আরপিএফ কর্মীদেরও টিকিট কাটতে হবে।