
ফাইল ছবি।
শেষ আপডেট: 17 August 2024 08:04
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে শনিবার দেশজুড়ে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ফলে দেশজুড়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আরজি করে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ হচ্ছে। বহু মেডিক্যাল কলেজের ডাক্তাররা পথে নেমেছেন। পশ্চিমবঙ্গেও লাগাতার কর্মবিরতিতে নেমেছে জুনিয়র চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা। এবার ওই ঘটনায় কর্মবিরতিতে নামলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরা।
শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও পরিষেবা তাঁরা দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিল আইএমএ। ফলে রাজ্য থেকে দেশ, সকাল থেকেই হাসপাতালে গিয়েও দুর্ভোগের মুখে রোগী ও পরিজনেরা।
এর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে যাওয়ার ডাক দিয়েছিল 'ফেডারেশন অফ রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন'। তবে মঙ্গলবার রাতে তাঁদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে করার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।
কিন্তু তারপরই বুধবার মধ্যরাতে আরজি করে ভাঙচুর এবং আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে এরপরই দেশজুড়ে কর্মবিরতিতে নামার ডাক দেয় আইএমএ। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়, আরজি করে ছাত্রীকে নৃশংসভাবে খুন এবং আন্দোলনকারীদের ওপরে হামলার প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট চলবে। জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও কাজ করবেন না তাঁরা।
সংগঠনের তরফে বলা হয়, “বুধবার রাতের হিংসা, আমাদের সবাইকে হতবাক ও ব্যথিত করেছে। এটা আমাদের পেশার এক অন্ধকার অধ্যায়। এরই প্রতিবাদ জানাতে এই কর্মসূচি।”
এদিকে রাজ্যজুড়ে জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়াদের কর্মবিরতি প্রত্যাহারের জন্য শুক্রবারও আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও হামলার প্রেক্ষিতে আরও জোরদার আন্দোলনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়ারা।