
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস
শেষ আপডেট: 6 December 2024 10:48
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার রেপো রেট ৬.৫ শতাংশ অর্থাৎ অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এনিয়ে টানা ১১ বার রেপো রেট অপরিবর্তিত রাখল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। শুক্রবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস এই ঘোষণা করেন। আরবিআইয়ের আর্থিক নীতি নিয়ন্ত্রক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ডিসেম্বরের ৪-৬ তারিখ পর্যন্ত আর্থিক নীতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত , ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে রেপো রেট একই রয়ে গিয়েছে। আর্থিক বৃদ্ধির সঙ্গে মুদ্রাস্ফীতির ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই রেপো রেট অপরিবর্তিত রাখার কৌশল নেওয়া হচ্ছে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে ঋণের সুদ ও মেয়াদি জমার সুদের হারও অপরিবর্তিত থাকবে। শক্তিকান্ত দাস এদিন বলেন, আমরা বিশ্বাস করি আর্থিক স্থায়িত্বই উচ্চ বৃদ্ধির জমি তৈরি করতে পারে। তাই আমরা মুদ্রাস্ফীতি ও বৃদ্ধির মধ্যে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করেছি। এতে আখেরে দেশের অর্থনীতির স্বার্থ সুরক্ষিত থাকবে।
গর্ভনর আরও বলেন, এর ফলে স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটির হার ৬.২৫ শতাংশ এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটির হার ও ব্যাঙ্কের সুদের হার ৬.৭৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবিআইয়ের তথ্যে জানা গিয়েছে, মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধির হার ১৪ মাসে সর্বোচ্চ হয়েছে অক্টোবরে। তা ৬.২১ শতাংশ ছুঁয়েছে। এর ফলে খাদ্যদ্রব্যের মূল্য আকাশছোঁয়া হয়েছে। এর পিছনে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলায় ঘাটতিই মূল কারণ বলে উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত হিসাবে দেশের মোট জাতীয় উৎপাদন ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৫.৪ শতাংশ ছুঁয়েছে। দুবছরের মধ্যে যা সর্বনিম্ন। গতবছর এই সময়েই মোট জাতীয় উৎপাদনের মাত্রা ছিল ৮.১ শতাংশ। আরবিআই যে ৭ শতাংশের অনুমান করেছিল, বাস্তবিক ক্ষেত্রে তার থেকেও কমেছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। বিশেষ করে শিল্প-কারখানা ও খনিজ উৎপাদনের লক্ষ্যমাত্রা কমায় এই প্রভাব পড়েছে বলে অনুমান করা হচ্ছে।