
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস
শেষ আপডেট: 26 November 2024 10:55
দ্য ওয়াল ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে হাসপাতালে ভর্তি করানো হল। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালেই তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর।
পরিস্থিতি উদ্বেগজনক নয়। শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের এক মুখপাত্র। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্রের খবর, কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পরই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। এ ব্যাপারে বিস্তারিত বিবৃতি জারি করা হবে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
হাসপাতালের তরফ থেকে যেহেতু এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি, তাই ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানা যাচ্ছে না।
শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্কের ২৫ তম গভর্নর। ২০১৮ সালের ১১ নভেম্বর তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে নিযুক্ত হন। তার আগে এই পদে ছিলেন উর্জিত প্যাটেল।
২০২১ সালের ডিসেম্বরেই শক্তিকান্তের মেয়াদ শেষ হয়। কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী আরও তিন বছরের জন্য শক্তিকান্তের সময়কাল বাড়িয়ে দেওয়া হয়। চলতি বছরের ১০ ডিসেম্বর শক্তি কান্তের কর্মজীবনের মেয়াদ শেষ হবে।