এই কুয়োতেই আটকে রয়েছেন তরুণী
শেষ আপডেট: 7 January 2025 16:33
দ্য ওয়াল ব্যুরো: ১০ দিন আটকে থাকার পর ৭০০ ফুটের কুয়ো থেকে উদ্ধার করতেই মৃত্যু হয়েছিল রাজস্থানের বাসিন্দা বছর তিনেকের চেতনার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গুজরাতের কচ্ছ জেলায় একই ঘটনার পুনরাবৃত্তি হল। ৫৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেলেন ১৮ বছর বয়সি এক তরুণী। সোমবার সকালে ঘটনাটি কচ্ছ জেলার কান্দেরাই গ্রামে ঘটেছে বলে খবর। তবে চব্বিশ ঘণ্টা কাটতে চললেও তরুণীকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে রাজস্থানের পরিযায়ী শ্রমিক পরিবারের সদস্য ওই তরুণীকে অক্সিজেন সরবরাহের পাশাপাশি উদ্ধারের সমস্তরকম চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় উদ্ধারকারী দলের পাশাপাশি এনডিআরএফ এবং বিএসএফকেও উদ্ধার অভিযানে সাহায্যের জন্য ডাকা হয়েছে।
সূত্রের খবর, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে কান্দেরাই গ্রামে ঘটনাটি ঘটে। ওই তরুণী ৫৪০ ফুট গভীর কুয়োয় পড়ে গেলেও শেষ পাওয়া খবর তাঁকে বাইরে বের করে আনতে যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর, বর্তমানে কুয়োর ৪৯০ ফুট নীচে তরুণী আটকে রয়েছে বলে জানা গিয়েছে।
পরিবার সূত্রে খবর, প্রথমে প্রশাসনকে পুরো বিষয়টি বললেও তাঁদের কথা শোনা হয়নি। পরে কুয়োর ভেতরে ক্যামেরা পাঠাতেই বিষয়টি স্পষ্ট হয়। দেখা যায় কুয়োর ভিতরে আটকে পড়েছেন তিনি। উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই তরুণী অচৈতন্য অবস্থায় রয়েছে। তাঁকে সবসময় অক্সিজেন দেওয়া হচ্ছে।
#WATCH | Gujarat | An 18-year-old girl fell into a borewell at Kanderai village in Kachchh. A rescue operation is underway pic.twitter.com/OHZwQgiw9l
— ANI (@ANI) January 6, 2025
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর দুপুরে খেলার সময় ৭০০ ফুট গভীর কুয়োতে পড়ে যায় রাজস্থানের বছর তিনেকের চেতনা। প্রথমে ১৫ ফুট গভীরে আটকে থাকলেও পরিবারের লোকেরা তাকে বের করার চেষ্টা করলে প্রায় ১৫০ ফুট গভীরে পড়ে যায় শিশুটি।
এরপরই তাকে উদ্ধারে নামে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। কিন্তু তাঁদের সব চেষ্টা ব্যর্থ হলে মাঠে নামেন দক্ষ খনি-শ্রমিকেরা। টানা ১০ দিনের উদ্ধার অভিযান এবং পাঁচটি ব্যর্থ প্রচেষ্টার পর গত ১ জানুয়ারি চেতনাকে কুয়োর থেকে বের করে আনা হয়। এরপর চিকিৎসার জন্য তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চেতনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।