
প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 April 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বিজাপুরে প্রায় হাজার নকশালকে ঘিরে ফেললেন নিরাপত্তারক্ষীরা। ঘটনাস্থলে উপস্থিত ২০ হাজারেরও বেশি জওয়ান। সূত্রের খবর, গত ৪৮ ঘণ্টা ধরে নকশালদের গতিবিধির ওপর নজর রেখেছেন তাঁরা। নকশাল বিরোধী অভিযানে এই প্রথম এতজনকে একসঙ্গে নাগালে পাওয়া গেছে ও ঘেরা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।
এই অভিযানে ছত্তীসগড়, তেলঙ্গনা ও মহারাষ্ট্র-র যৌথ বাহিনী রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, হিডমা এবং ব্যাটেলিয়ন প্রধান দেবা-সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নকশাল নেতা আটক হয়েছে ওই এক হাজারের মধ্যে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই অভিযানে এপর্যন্ত পাঁচজনকে খতম করেছেন তাঁরা।
অভিযানে অংশ নিয়েছে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), বস্তার ফাইটার্স, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), ছত্তীসগড় পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও তাদের কমান্ডো ব্যাটালিয়ন ‘কোবরা’। করাগুট্টা পাহাড় অঞ্চলকে পুরোপুরি ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা নিশ্চিত করেছে পালানোর কোনও পথ নেই মাওবাদীদের।
প্রসঙ্গত, ঘন বন এবং পাহাড়ের চড়াইয়ের ফলে করাগুট্টা মাওবাদীদের কাজের অন্যতম প্রধান জায়গা। কয়েক দিন আগে তারা একটি বিবৃতি প্রকাশ করে স্থানীয়দের জানিয়েছিল, গোটা গ্রামে আইইডি বসানো আছে। তারপরই এই অভিযান।
এদিকে চলতি বছরের শুরু থেকে এপর্যন্ত ১৫০ নকশালকে হত্যা করেছেন নিরাপত্তারক্ষীরা। শুধুমাত্র বস্তারেই খতম হয়েছে ১২৪ জন।