
সুদের হারে স্বস্তি।
শেষ আপডেট: 9 April 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করেছে। এর ফলে কমতে পারে গৃহঋণ ও গাড়ি ঋণের ইএমআই। বিশেষজ্ঞরা বলছেন, বছরের মধ্যে আরও ৭৫–১০০ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদ হ্রাস হতে পারে।
আদতে রেপো রেট কমলে কী কী প্রভাব পড়বে? রেপো রেট হল সেই হার, যার ভিত্তিতে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। এটি কমলে ব্যাঙ্কগুলোরও অর্থ ধার করার খরচ কমে যায়, আর তারা গ্রাহকদের ঋণের উপর কম সুদ আরোপ করতে পারে। ফলে হোম লোন, অটো লোন-সহ বিভিন্ন ঋণের ইএমআই কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
বর্তমানে রেপো রেট ৬.২৫% থেকে কমে হয়েছে ৬%। এটি টানা দ্বিতীয়বার রেপো রেট কমানোর সিদ্ধান্ত।
আরবিআই-এর সিদ্ধান্তে নাহার গ্রুপের ভাইস চেয়ারপার্সন ও মহারাষ্ট্রের নির্মাণ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জু ইয়াগনিক বলেন, '২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সিদ্ধান্ত আবাসন খাতের জন্য যথেষ্ট ইতিবাচক। এতে হোম লোন সস্তা হবে, আরও বেশি মানুষ বাড়ি কেনার সাহস পাবেন।' তিনি জানান, এতে প্রথমবার বাড়ি কিনতে চাওয়া মানুষজনের পাশাপাশি বিনিয়োগকারীরাও উপকৃত হবেন, বিশেষ করে 'সাশ্রয়ী আবাসন' (affordable housing) ক্ষেত্রে।
ক্রেডাই ন্যাশনালের প্রেসিডেন্ট বোমান ইরানি বলেন, 'এই সিদ্ধান্ত দেখায়, আরবিআই এখন প্রবৃদ্ধির উপর জোর দিচ্ছে। মুদ্রাস্ফীতি এখন নিয়ন্ত্রণে এবং প্রায় ৪.৫%-এ স্থিতিশীল থাকায় এই হার কমানো সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াবে, ঋণগ্রহণের সক্ষমতা বাড়াবে।'
এছাড়াও, অটো ঋণের ক্ষেত্রেও সুদের হার কমার সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে মাঝারি ও উচ্চমানের গাড়ি কেনার আগ্রহ বাড়তে পারে। বিশেষ করে ব্যাঙ্কগুলো যদি দ্রুত এই সুদ হ্রাস গ্রাহকদের উপর কার্যকর করে, তবে তা গাড়ির বাজারের জন্য ইতিবাচক। এমনিতেই বর্তমানে চাহিদা-সরবরাহ সমস্যায় রয়েছে অটোমোবাইল সেক্টর, এবার তা নতুন করে চাঙ্গা হতে পারে।
আরবিআইয়ের আজকের ঘোষণারকপরে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের চিফ ইকোনমিস্ট উপাসনা ভরদ্বাজ জানান বলেন, '২৫ বেসিস পয়েন্ট হার কমানো প্রত্যাশিত ছিল। আরবিআই এখন সুবিধাজনক জননীতি নিয়েছে, যার অর্থ, আগামী মাসগুলোতেও সুদ আরও কমতে পারে।' তিনি মনে করেন, বছরের মধ্যে আরও ৭৫ থেকে ১০০ বেসিস পয়েন্ট সুদ কমানো হতে পারে, যদি বৈশ্বিক অর্থনৈতিক চাপ ভারতের অর্থনীতিকে আরও প্রভাবিত করে।