
শেষ আপডেট: 2 January 2024 13:02
দ্য ওয়াল ব্যুরো: মেট্রো স্টেশনের কায়দায় এবার দেশের রেশন দোকানগুলিতেও দেখা মিলবে প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদীর থ্রি-ডি কাটআউট। তাতে লেখা থাকবে, 'বিনামূল্যে রেশন দিচ্ছে কে? নরেন্দ্র মোদী।'
জানা গেছে, সম্প্রতি এ ব্যাপারে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল খাদ্যমন্ত্রক। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচার কর্মসূচি রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াকে।
সূত্রের খবর, এ ব্যাপারে খাদ্য মন্ত্রকের তরফে রেশন দোকানগুলির কাছে নির্দেশ গিয়েছে। বলা হয়েছে, বাধ্যতামূলক ভাবে প্রত্যেক গ্রাহককে ছবির মতো এটা দেখাতে হবে। এবং বোঝাতেও হবে যে বিনামূল্যে রেশন দিচ্ছেন মোদী!
দেশের এক হাজার জায়গায় এমন সেলফি পয়েন্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে আছে পশ্চিমবঙ্গও। এজন্য প্রায় ২২ কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। এছাড়াও দেশের ৫ লক্ষের বেশি রেশনে দোকানের সামনে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র ব্যানার লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে।
তবে কেন্দ্রের এমন নির্দেশ মানতে নারাজ বাংলা সহ অবিজেপি রাজ্যগুলি। বছর ঘুরলে লোকসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখেই মোদীর এই '' বলে অভিযোগ বিরোধীদের। কারণ কেন্দ্রীয় প্রকল্পেও রাজ্যের অনুদান থাকে। ফলে 'মোদী একা করছেন: এই তত্ত্ব মানতে নারাজ বিরোধীরা।
বাংলা ছাড়াও এব্যাপারে বেঁকে বসেছে তামিলনাড়ু, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও তেলেঙ্গানা মতো অবিজেপি রাজ্যগুলি। এই পরিস্থিতিতে কী করণীয়, তা খাদ্যমন্ত্রকের কাছ থেকে জানতে চেয়েছে কেন্দ্র।