
ফাইল ছবি।
শেষ আপডেট: 20 March 2025 09:16
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের (Rajasthan) একটি ধর্ষণের (Rape) ঘটনায় সুপ্রিম কোর্ট (Supre court) নিম্ন আদালতের রায় বহাল রাখল। শীর্ষ আদালত এই রায় দেওয়ার আগে আইনি লড়াইয়ে ৪০ বছর কেটে গিয়েছে।
ধর্ষণের ঘটনাটি ১৯৮৬ সালের। ধর্ষিতা তখন কিশোরী। বিচার পেলেন মাঝ বয়সে এসে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ এবং সঞ্জয় ক্যারল সংশ্লিষ্ট মামলায় রাজস্তান হাই কোর্টের সংশ্লিষ্ট বিচারপতির রায়ের তীব্র সমালোচনা করে বলেছেন, উচ্চ আদালতের ভুলের জন্য মহিলাকে ৪০ বছর ন্যায় বিচারের জন্য অপেক্ষা করতে হল।
রাজস্থানের ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বছর কুড়ির এক তরুণকে নিম্ন আদালত সাত বছর কারাবাসের সাজা দিয়েছিল। অভিযুক্ত ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, আদালতের বিচার প্রক্রিয়ার দীর্ঘসুত্রিতার কারণে মামলাটি বহু বছর ঝুলে ছিল।
দীর্ঘ লড়াইয়ের পর হাই কোটে মামলা উঠলে উচ্চ আদালত বলে, নিম্ন আদালতের বিচার সঠিক ছিল না। কারণ, আক্রান্ত মেয়েটি বিচারকের প্রশ্নের জবাব দেয়নি। সে শুধু কান্নাকাটি করেছে। ধর্ষিতা নিজে যখন আদালতে দাঁড়িয়ে অভিযুক্তের বিরুদ্ধে কোনও কিছু বলেনি তখন অভিযুক্তকে নির্দোষ বলা যেতে পারে। সে বেনিফিট অফ ডাউটের সুবিধা পাবে।হাইকোর্ট অভিযুক্তকে নির্দোষ ঘোষণা করে।
তাতে দমে না গিয়ে আক্রান্ত মহিলা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট রাজস্থান হাই কোর্টের রায়ে বিস্ময় প্রকাশ করে। শীর্ষ আদালতের বক্তব্য, মানসিক ধাক্কার কারণে ধর্ষিতা আদালতে প্রশ্নের জবাব ঠিক মতো না দিয়ে থাকতে পারে। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে অন্যান্য প্রমাণে স্পষ্ট সে অপরাধটি করেছে। শীর্ষ আদালতের বক্তব্য হাইকোর্টের উচিত ছিল আক্রান্তের মানসিক অস্থিরতাকে বিবেচনায় রাখা। শীর্ষ আদালত অভিযুক্তের সাজা বহাল রাখে।