
বাবা রামদেব
শেষ আপডেট: 30 August 2024 21:05
দ্য ওয়াল ব্যুরো: যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের মালিক বালকৃষ্ণর বিরুদ্ধে কম অভিযোগ নেই। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) দাবি করেছে, পতঞ্জলি আয়ুর্বেদ তাদের সামগ্রীকে অবৈজ্ঞানিকভাবে বিভ্রান্তিকর শব্দ দ্বারা প্রচার চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সংস্থার একাধিক পণ্য নিষিদ্ধ হয়েছে। এবার আরও বড় বিপাকে রামদেব। কারণ তাঁর সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করা হয়েছে।
পতঞ্জলির একটি পণ্য আছে 'দিব্য দন্ত মঞ্জন'। তাতে সবুজ লেবেল লাগানো রয়েছে। অর্থাৎ এটি নিরামিষ পণ্য। কিন্তু আইনজীবী যতীন শর্মা দাবি করেছেন, ওই দাঁত মাজার পেস্টে মাছের ব্যবহার করা হয়েছে। 'সমুদ্র ফেন' নামের এক সামুদ্রিক মাছ ব্যবহার করে তৈরি করা হয়েছে ওই পেস্ট। এতে আমজনতা প্রতারিত হচ্ছে! এই অভিযোগের ভিত্তিতেই দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই-এর জবাব তলব করেছে। শুধু তাই নয়, পতঞ্জলিকেও আলাদা করে নোটিস পাঠানো হয়েছে।
এর আগেও একবার একই অভিযোগ উঠেছিল রামদেবের সংস্থার বিরুদ্ধে। আইনজীবী সাশা জৈন ওই একই টুথপেস্টে নিরামিষ ট্যাগ লাগিয়ে সামুদ্রিক মাছের অংশ বিশেষ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। সেই সময় অবশ্য কোনও প্রতিক্রিয়া দেয়নি পতঞ্জলি সংস্থা।
ইতিমধ্যে উত্তরাখণ্ড ড্রাগ কন্ট্রোল বিভাগের লাইসেন্সিং কর্তৃপক্ষ পতঞ্জলির দিব্য ফার্মেসি কোম্পানির ১৪টি পণ্য নিষিদ্ধ করেছে। যে পণ্যগুলোর লাইসেন্স বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে, শ্বাসারি গোল্ড, শ্বাসারী ভাটি, দিব্য ব্রঙ্কম, শ্বাসারি প্রবাহী, শ্বাসারি আভালেহ, মুক্ত ভাটি এক্সট্রা পাওয়ার, লিপিডম, বিপি গ্রিট, মধুগ্রিত, মধুনাশিনী ভাটি এক্সট্রা পাওয়ার, লিভামৃত অ্যাডভান্স, লিভোগ্রিট গোল্ড, এবং পতঞ্জলি দৃষ্টি আইড্রপ। এদিকে, ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিজ অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হয়েছে বাবা রামদেবের বিরুদ্ধে।