
বালক রাম
শেষ আপডেট: 9 April 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: রামনবমী উপলক্ষে `বালক রাম` নবসাজে সজ্জিত হবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট চৈত্র নবরাত্রির সূচনালগ্নে জানিয়েছে, এই পবিত্র মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ পোশাকে সাজানো হবে রামলালাকে। অযোধ্যা রামমন্দির উদ্বোধন এবং রামচন্দ্রের প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম ধুমধাম করে রামচন্দ্রের জন্মোৎসব পালিত হতে চলেছে। ওইদিন এবং আগে-পরে লাখো লাখো ভক্ত মন্দির প্রাঙ্গণে আসবেন দর্শন করতে। তাই বাড়ির বালকের মতোই রামকে নবসাজে সজ্জিত করার কাজ প্রায় সাঙ্গ।
ট্রাস্ট তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, শ্রীরামলালা সরকার অত্যন্ত বিশেষ ধরনের পোশাক পরবেন রামনবমীতে। প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম প্রভুর পোশাকে পরিবর্তন আনা হয়েছে। ময়ূর এবং অন্যান্য বৈষ্ণব প্রতীক রেশম ও জরির কাজে তুলে ধরা হয়েছে। নবরাত্রির সূচনা থেকে ১৭ এপ্রিল, রামনবমী পর্যন্ত রামলালা এই বিশেষভাবে প্রস্তুত পোশাক পরবেন।
হাতে বোনা এবং হস্তচালিত তাঁতে তৈরি সুতির খাদির পোশাক এটা। এই বস্ত্রে রয়েছে সত্যিকারের রুপো এবং সোনার হাতে ছাপার কাজ। বস্ত্রে ব্যবহার করা প্রতিটি চিহ্নই বৈষ্ণবীয় ঘরানার।
রামলালার সূর্যাভিষেক
এই রামনবমীতে ভোরে সূর্যের প্রথম কিরণ এসে পড়বে বালক রামের কপালে। মুকুট থেকে গড়িয়ে সেই প্রথম সূর্যের আলো রামচন্দ্রের চিবুক পর্যন্ত আসতে সময় নেবে মাত্র ৪ মিনিট। এই কর্মকাণ্ডকে সফল করে তুলতে রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা অযোধ্যায় এসে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন। সেদিন যাতে সূর্যাভিষেক সফলভাবে সম্পন্ন হয়, তার দেখভাল করবেন তাঁরা। ট্রাস্টের বক্তব্য অনুযায়ী, দুটি আয়না এবং একটি লেন্স মন্দিরের নীচের তলায় রাখা হয়েছে। মন্দিরের শীর্ষ তলে রাখা হচ্ছে তিনটি লেন্স এবং দুটি আয়না।