
রাজনাথ সিং
শেষ আপডেট: 21 July 2024 18:57
দ্য ওয়াল ব্যুরো: সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে। তার আগে রবিবার সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। সেই বৈঠকেই সব দলের সাংসদদের বিশেষ বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর বক্তব্য, গণতন্ত্রকে শক্তিশালী করতে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে।
সংসদ অধিবেশন কেউ বক্তব্য রাখার সময়ে তাঁকে বাঁধা দেওয়া হচ্ছে, বিরোধী শিবির থেকে কটাক্ষ করা হচ্ছে, এমন ছবি খুব স্বাভাবিক। তবে এই চিত্রই বদলানোর বার্তা দিয়েছেন রাজনাথ সিং। রবিবারের সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সেখানেই রাজনাথ বলেন, অধিবেশন চলাকালীন কেউ বক্তব্য রাখলে তাঁকে যেন বাঁধা দেওয়া না হয়। এমনকী পরিস্থিতি যাই হোক, সকলে যাতে সংযত থাকেন, সেই পরামর্শ দিয়েছেন রাজনাথ।
সর্বদল বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু। তিনিই মূল বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন সকলের কাছে। তিনি জানান, রাজনাথ সিং-এর মতে অধিবেশনে কারও বক্তব্যে হস্তক্ষেপ করা এবং বাধা দেওয়া উচিত নয়। সেটাই সকলকে মেনে চলতে বলেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ প্রসঙ্গও টেনে আনেন। বলেন, নতুন সরকার গঠনের পর সংসদে বিশেষ অধিবেশন হয়েছিল। সে সময়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাঝে বিরোধীরা বাধা দিয়েছিল। যা উচিত হয়নি।
বিজেপির মূল বক্তব্য, সংসদ সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব সরকার এবং বিরোধী দল দু'পক্ষেরই। তাই দায়িত্ব দু'পক্ষকেই নিতে হবে। একা শাসক শিবির কিছু করতে পারবে না। গণতন্ত্রকে সম্মান জানাতে গেলে সকলকে একসঙ্গে নিয়মবিধি মানতে হবে। প্রসঙ্গত, রবিবারের সর্বদল বৈঠকে অন্যান্য বিরোধী দলের নেতারা যোগ দিলেও সেখানে তৃণমূলের কেউ ছিল না।