
শেষ আপডেট: 27 December 2023 15:26
দ্য ওয়াল ব্যুরো: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার একদিনের ঝটিকা সফরে জম্মু কাশ্মীরের রাজৌরি পৌঁছান। সেখান থেকে যান পুঞ্চে। তাঁর সফর সঙ্গী হয়েছেন সেনা প্রধান মনোজ পাণ্ডে।
রাজৌরি, পুঞ্চের সীমান্তে এখনও সেনা জঙ্গি লড়াই চলছে। সেই পরিস্থিতির মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী কয়েক ঘণ্টার ঝটিকা সফরে সেখানে গিয়েছেন।
সূত্রের খবর, মূলত সেনাকে মনোবল জোগাতেই প্রতিরক্ষা মন্ত্রীর এই সফর। সংক্ষিপ্ত ভাষণে সেই উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন তিনি।
আসলে পুঞ্চ ও রাজৌরিতে গত দু সপ্তাহ ধরে সেনা জঙ্গি লড়াই চলছে। বেশ কয়েকজন জঙ্গি সেনার গুলিতে নিহত হয়েছে। অন্যদিকে সাত সেনা জওয়ানেরও প্রাণ গিয়েছে লড়াইয়ে। মঙ্গলবার সেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা।
এরই মধ্যে বিতর্কের মুখে পুড়েছে সেনার ভূমিকাও। পুঞ্চে সেনার অত্যাচারে তিন স্থানীয় তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর।
ওই ঘটনায় স্থানীয় চার শীর্ষ সেনা অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি শুরু হয়েছে সেনা আইনে তদন্ত।
এরপর সেনা প্রধান মনোজ পাণ্ডে সোমবার সেনার সংশ্লিষ্ট ব্যারাকে গিয়ে জওয়ান ও অফিসারদের সতর্ক করে দেন। বলেন, সেনাকে প্রতিটি পদক্ষেপেই পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।
মনে করা হচ্ছে, চার সেনা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে বাহিনীর মনোবলে যাতে চিড় না ধরে সে জন্যই স্বয়ং রাজনাথ সেখানে ঝটিকা সফরে গিয়েছেন। বলেছেন, প্রত্যেক জওয়ানের জীবন দেশের জন্য অমুল্য। গোটা দেশ বাহিনীর পাশে আছে। তিনি বলেন বিদেশি অনুপ্রবেশকারীদের মোকাবিলায় সেনারা বীরত্বের পরিচয় দিচ্ছেন। তবে আমাদের আরও সতর্ক থাকতে হবে।
রাজনাথ বুধবার জম্মু-কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে উপত্যকার পরিস্থিতি পর্যালোচনার পর বলেন, সেনাই জম্মু কাশ্মীরকে জঙ্গি মুক্ত করতে সক্ষম।