
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 April 2025 21:55
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের রাজকোট শহরের একটি বেসরকারি স্কুলে চার বছরের এক শিশুকে শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগে এক মহিলা শিক্ষিকার বিরুদ্ধে POCSO (Protection of Children from Sexual Offences) আইনে মামলা রুজু করল পুলিশ। শনিবার রাজকোট পুলিশের ডেপুটি কমিশনার জগদীশ বাঙ্গারওয়া এই তথ্য জানান।
পুলিশ সূত্রে খবর, গত ১১-১২ এপ্রিল শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ৪২ বছর বয়সি অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিশুটি তার মাকে জানায়, তার গোপনাঙ্গে যন্ত্রণা হচ্ছে। চিকিৎসা পরীক্ষায় দেখা যায়, অভ্যন্তরীণ আঘাতজনিত কারণে সংক্রমণ হয়েছে।
ডেপুটি কমিশনার বাঙ্গারওয়া জানান, শিশুটির মা জানিয়েছেন, তার মেয়ে জানিয়েছে—শিক্ষিকা তাকে মারধর করেছেন। তবে মেয়েটি সঠিকভাবে কথা বলতে পারে না এবং মনোবিদের পরামর্শ প্রয়োজন। সে এখনও পরিষ্কার করে বলতে পারেনি, শিক্ষিকা হাতে মেরেছেন না কি কলম দিয়ে আঘাত করেছেন। পরবর্তীতে অভিযোগকারী মা জানান, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর জানতে পারেন, স্কুলের প্রিন্সিপালই শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছেন। এই তথ্যের ভিত্তিতে তদন্তের পরিধি আরও বাড়িয়েছে পুলিশ।
অভিযুক্ত শিক্ষিকা অভিযোগ অস্বীকার করেছেন। স্কুল কর্তৃপক্ষও ঘটনার দিন, অর্থাৎ ১১ এপ্রিলের ক্লাসরুমের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করেছে, এমন কোনও ঘটনার প্রমাণ সেখানে পাওয়া যায়নি। এদিকে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে রাজকোটে। বিরোধী কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (NSUI) সদস্যরা শনিবার বিক্ষোভ দেখান। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানান তারা। তবে বিক্ষোভের সময় কিছু সদস্যকে সাময়িকভাবে আটক করে পুলিশ।