
তরুণীকে অপহরণ করে জ্যান্ত পুড়িয়ে মারল পরিবার
শেষ আপডেট: 5 July 2024 18:55
দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন। কিন্তু সেই ‘অপরাধে’ যে তাঁকে এমন ‘শাস্তি’ পেতে হবে তা কল্পনাও করতে পারেননি তরুণী। পরিবারের লোকজনের বিরুদ্ধে তাঁকে অপহরণ করে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। নৃশংস ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালওয়ারে।
মেয়ে পছন্দের পাত্রের সঙ্গে বিয়ে করায় পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, এই দাবিতে তরুণীকে অপহরণ করে জ্যান্ত পুড়িয়ে মেরেছে তাঁরই পরিবারের সদস্যরা, পুলিশ সূত্রের এমনই তথ্য উঠে এসেছে।
প্রায় এক বছর আগে রবি ভীল নামে এক যুবককে বিয়ে করেছিলেন বছর ২৪-এর ওই তরুণী। যা কিছুতেই মেনে নিতে পারছিল না তাঁর পরিবার। বিয়ের পর স্বামীকে নিয়ে ভালই দিন কাটছিল তরুণীর। কিন্তু বাপের বাড়ির ভয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে লুকিয়ে থাকতে হচ্ছিল। সম্প্রতি মধ্যপ্রদেশের একটি গ্রামে দম্পতি আস্তানা নিয়েছে বলে খবর পায় তরুণীর পরিবার। সেখানেই একটি ব্যাঙ্ক থেকে বেরোনোর সময় তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ।
ডেপুটি পুলিশ সুপারিটেনডেন্ট জয় প্রকাশ অটল জানিয়েছেন, ওই গ্রামের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে টাকা তোলার সময় আচমকাই পিছন থেকে তরুণীকে অপহরণ করা হয়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া যায়। সেই সময় কাছেপিঠে ছিলেন তরুণীর স্বামী। বাধা দিতে গেলে তিনিও আঘাত পান। চিৎকার করে স্বামীকে পুলিশে খবর দিতে বলেন তরুণী। এরপর রবির অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।
এদিকে পুলিশ যতক্ষণে তরুণীর খোঁজ পায়, ততক্ষণে পরিবারের সদস্যরা তাঁকে পুড়িয়ে মেরে ফেলেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই তরুণীর শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছিল। ঘটনার পর থেকে পলাতক নির্যাতিতার পরিবারের সদস্যরা। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তরুণীর দেহের পুড়ে যাওয়া অংশ ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে।