
উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। ইনসেটে রেলমন্ত্রী।
শেষ আপডেট: 18 July 2024 19:42
দ্য ওয়াল ব্যুরো: ১৭ জুনের পর ১৮ জুলাই। এক মাসের মধ্যে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা। দেশের সিংহভাগ মানুষ যেখানে যোগাযোগের মাধ্যম হিসেবে রেলের উপরে নির্ভরশীল, সেখানে একের পর এক রেল দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা। প্রতিবাদ, কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে সোশ্যাল মাধ্যমে।
প্রধানমন্ত্রী মোদী থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন অনেকে। কাকতালীয়ভাবে, বৃহস্পতিবার ১৮ জুলাই রেলমন্ত্রীর জন্মদিনও। প্রধানমন্ত্রী-সহ মন্ত্রিসভার অনেকেই এদিন রেলমন্ত্রীকে শুভেচ্ছাও জানান। তিনিও সকলকে ধন্যবাদ জানান। তারপরেই এই দুর্ঘটনা।
স্বভাবতই, নেটিজেনদের কটাক্ষের সঙ্গে জুড়েছে অশ্বিনী বৈষ্ণবের জন্মদিন পালনের বিষয়টিও। সোশ্যাল মাধ্যমে রেল দুর্ঘটনার ছবি পোস্ট করে ক্যাপশনে অনেকে লিখেছেন, 'বিরক্ত করবেন না! রেলমন্ত্রী জন্মদিন পালনে ব্যস্ত রয়েছেন!'
বৃহস্পতিবার দুপুরে উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত চারজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে রেল সূত্রের খবর। আহত হয়েছেন বহু যাত্রী। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে দুর্ঘটনার কারণ নিয়ে রেলের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার দুপুরে চন্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে গোন্ডায় লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস। এই নিয়ে এক মাসের ব্যবধানে ফের ভয়াবহ দুর্ঘটনার সন্মুখীন হল রেল। এর আগে গত ১৭ জুন ফাঁসিদেওয়ায় মালগাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মৃত্যু হয়েছিল একাধিক রেলযাত্রীর। ফের রেল দুর্ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে রেল। প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষাও।
নেট নাগরিকদের প্রশ্ন, "আরও কত দুর্ঘটনা, আরও কত প্রাণহানির পর যাত্রী সুরক্ষার দিকে নজর দেবে রেল কর্তৃপক্ষ?"