
ভাইরাল ভিডিওর অংশ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ছবি
শেষ আপডেট: 27 November 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো: এ যেন ঠিক গোদের উপর বিষফোঁড়া হওয়ার যন্ত্রণা। ভেবেছিলেন রেলের পড়ে যাওয়া মানে একটু হলেও প্রলেপ লাগাতে পারবেন, কিন্তু তা হওয়া তো দূর উল্টে চরম সমালোচনার মুখে পড়তে হল। শেষমেশ মুখ ঢাকতে একেবারে সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট ডিলিট! এমনই হাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের।
এই তো আটচল্লিশ ঘণ্টা আগের কথা। চলন্ত ট্রেনে ৭০ বছর বয়সি এক বৃদ্ধকে সিপিআর দিয়ে বাঁচাচ্ছেন এক টিটিই। ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। টিটিইকে ‘জীবনরক্ষাকারী’ বলে তুলে ধরা হয় মুহূর্তে। সোশ্যাল মিডিয়া জুড়ে তখন শুধু টিটিই-র নামে জয়ধ্বনি। নিজেদের কর্মীর এমন ‘ম্যাজিকে’র কথা দেশবাসীকে না জানালে হয়! এরপর ভারতীয় রেল নিজেদের এক্স হ্যান্ডেলে ফলাও প্রশংসা করে ভিডিওটি পোস্ট করে। সেখান থেকে নিজের এক্স হ্যান্ডেলেও ভিডিও শেয়ার করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। পরে বিতর্কের মুখে পরে তা সরিয়ে নিতে বাধ্য হলেন।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনে ওই বৃদ্ধ আচমকা অসুস্থ হয়ে পড়েন। বুকে হাত দিয়ে শুয়ে পড়েন সিটে। সেই সময় দরদর করে ঘাম বের হচ্ছিল তাঁর। অসুস্থ বৃদ্ধকে দেখেই ছুটে আসেন টিটিই। তৎক্ষণাৎ তাঁকে সিপিআর দেন। মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন। সেই সময় জ্ঞান ছিল বৃদ্ধের। খানিকটা সুস্থ বোধ করতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। ঘটনাটি ঘটে আম্রপলি এক্সপ্রেসের জেনারেল কামরায়।
टीटीई की तत्परता से मिला ‘जीवनदान’
— Ministry of Railways (@RailMinIndia) November 23, 2024
ट्रेन संख्या 15708 'आम्रपाली एक्सप्रेस' के जनरल कोच में सफ़र के दौरान 70 वर्षीय एक यात्री को हार्ट अटैक आने पर तैनात टीटीई ने बिना समय गंवाए CPR दिया और यात्री की जान बचाई। तत्पश्चात छपरा रेलवे स्टेशन पर यात्री को अस्पताल भेज दिया गया। pic.twitter.com/vxqsTEkir7
তবে প্রশংসা পাওয়ার নেশায় ভিডিও পোস্ট করলেও রেলের সে সুখ বেশিক্ষণ টেকেনি। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নজরে পড়ে চিকিৎসক মহলের। আর পাঁচজন মানুষ ভগবান বললেও টিটিই-কে ভিলেন বলে অভিযোগ করেন তাঁরা। ধেয়ে আসে একের পর এক পোস্ট। যাতে চরম সমালোচনার মুখে পড়তে হয় ভারতীয় রেলকে। একজন চিকিৎসক পোস্ট দেখে লেখেন, জ্ঞান থাকলে কখনও সিপিআর দেওয়া যায় না। এতে আরও গুরুতর সমস্যা হতে পারে। সিপিআর শুধু জ্ঞান হারালেই দেওয়া উচিত।
Hi, ER Doc here.
— Sam Ghali, M.D. (@EM_RESUS) November 25, 2024
I can’t believe I actually have to say this but do NOT perform mouth-to-mouth CPR on awake people who are literally talking to you. https://t.co/WSecL66nhV
আরও একজন চিকিৎসক লেখেন, রেল মন্ত্রকের তরফে এমন ভিডিও শেয়ার করা উচিত নয়। এর ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয়। কেউ কেউ লিখেছেন, না জেনে সিপিআর দিয়ে কারও জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়।
আর কী করার! ওই না জেনে পা পিছলে পড়লে যে হাল হয় আর কি। একেবারে মুখ লোকাতে শেষমেশ পোস্টই ডিলিট করে দিলেন রেলমন্ত্রী। নিজে বিষয়টি না জেনেই কেন এমন পোস্ট করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। মুখ বাঁচাতে গিয়ে ভাল তো দূর উল্টে আরও রেলের সর্বনাশ করে বসলেন রেলমন্ত্রী।