
অশ্বিনী বৈষ্ণব
শেষ আপডেট: 18 March 2025 14:28
দ্য ওয়াল ব্যুরো: ভারতেই (India) ট্রেনের ভাড়া (Train Fare) সবথেকে কম। সম্প্রতি সংসদে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। শুধু তাই নয়, তুলনা করতে গিয়ে তিনি পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ট্রেনের ভাড়ার হিসেবও দিয়েছেন।
রেলমন্ত্রীর বক্তব্য, ভারতবাসী যে ন্যূনতম যে টাকায় ট্রেন সফর করে, তা আর অন্য কোনও দেশের নাগরিকরা করতে পারেন না।
কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেব দিয়ে বলেছেন, ভারতে প্রতি ৩৫০ কিলোমিটার রাস্তার জন্য জেনারেল কামরার ভাড়া ১২১ টাকা। একই রাস্তা অতিক্রম করতে পাকিস্তানের মানুষকে ট্রেন ভাড়া দিতে হয় ৪৩৫ টাকা, বাংলাদেশের মানুষ দেন ৩২৩ টাকা এবং শ্রীলঙ্কার মানুষ ট্রেন ভাড়া দেন ৪১৩ টাকা। পশ্চিমাংশের একাধিক দেশ ভারতের থেকে ১০-২০ শতাংশ বেশি ট্রেন ভাড়া নেয় বলেও দাবি করেছেন অশ্বিনী বৈষ্ণব।
২০২০ সালের পর থেকে ট্রেন ভাড়া বাড়ানো হয়নি বলেও সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। বলেছেন, ভারতীয় রেল যাত্রীর ৪৭ শতাংশ পর্যন্ত ভর্তুকিও দেয়। হিসেব দিয়ে জানান, ভারতে প্রতি কিলোমিটারে মোটামুটি ট্রেন ভাড়া পড়ে ১.৩৮ টাকা। কিন্তু যাত্রীদের দিতে হয় মাত্র ৭৩ পয়সা! এর মানে, বাকি টাকা রেলমন্ত্রক ভর্তুকি দেয়। তিনি এও জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে রেলযাত্রীরা প্রায় ৫৭ হাজার কোটি টাকা ভর্তুকি পেয়েছিলেন। পরের অর্থবর্ষে যা বেড়ে প্রায় ৬০ হাজার কোটি হয়েছিল।
রেলমন্ত্রীর কথায়, দেশের গরিব মানুষকে আরও বেশি করে পরিষেবা দেওয়াই রেলের লক্ষ্য। আর তার জন্য ভাড়া কম রাখতেই হবে। পাশাপাশি আগের থেকে জেনারেল কামরাও বাড়ানো হয়েছে বলে অবগত করেছেন তিনি। বলেন, বিগত কয়েক বছরে এসি কামরার থেকে আড়াই গুণ বেশি বৃদ্ধি পেয়েছে জেনারেল কামরা। একই সঙ্গে, ১৭ হাজার নন-এসি কামরা তৈরির কাজও চলছে।