
লালু প্রসাদ ও তেজস্বী যাদবের ছবি
শেষ আপডেট: 18 September 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো: রেলে চাকরি কেলেঙ্কারির মামলায় বিহারের প্রাক্তন মখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর পু্ত্র তেজস্বীকে তলব করল দিল্লির সিবিআই আদালত। ৭ অক্টোবর তাঁদের সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
সিবিআই সুত্রের খবর, ওই দিন তারা বাবা ও ছেলেকে গ্রেফতারের দাবি জানাবে। তেজস্বী বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা।
লালুপ্রসাদ প্রথম ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন। ২০০৪ থেকে ২০০৯-এর মধ্যে পাঁচ বছরে রেলমন্ত্রীর কোটায় তিনি বিহারের বহু ছেলেমেয়েকে গ্রুপ-ডি পদে চাকরি দিয়েছেন। পরে অভিযোগ ওঠে, চাকরি দেওয়ার বিনিময়ে সুবিধা প্রাপকদের জমি নামমাত্র দামে স্ত্রী রাবড়ি দেবী এবং সাত মেয়ের নামে কিনেছেন লালুপ্রসাদ। তেজস্বীর নামে কিনেছেন পাটনায় একজনের ভিটা বাড়ি। ওই অভিযাগ নিয়ে রেলের প্রাথমিক অনুসন্ধানের পর আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে লালুপ্রসাদ, তাঁর স্ত্রী তথা রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং ছোট ছেলে তেজস্বীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। তাতে লালু এবং তেজস্বীকেই মূল ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিকবার লালু প্রসাদ ও তাঁর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।
সিবিআইয়ের বক্তব্য, লালুপ্রসাদ ও তেজস্বীকে হেফাজতে নিয়ে জেরা করা দরকার। লালু-রাবড়ি-তেজস্বী, তিনজনেই আপাতত জামিনে মুক্ত। ৭ অক্টোবর লালুপ্রসাদ ও পুত্র তেজস্বী আদালতে হাজির হলে সিবিআই তাদের হেফাজতে চাইবে। এখন দেখার বাবা ও ছেলে ৭ তারিখ আদালতে হাজির হন কি না।