
রাহুল গান্ধী এবং ওমর আবদুল্লা
শেষ আপডেট: 21 August 2024 17:43
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার জম্মু-কাশ্মীরে যাচ্ছেন। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া নিয়ে দুই নেতা কথা বলবেন। এই ব্যাপারে প্রথমে জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস নেতৃত্বের মতামত শোনার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।
তবে কংগ্রেস হাইকমান্ডের বোঝাপড়ার মধ্যে রয়েছে ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে আসল সমঝোতার বিষয়টি। যদিও ন্যাশনাল কনফারেন্সের প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ বলেছেন তাঁর দল ভোটের আগে আসন সমঝোতার পক্ষপাতী নয়। অন্যদিকে ফারুকের পুত্র রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ কংগ্রেসের সঙ্গে বোঝাপড়ায় আগ্রহী। ওমর দলের সহ-সভাপতি হলেও বকলমে তিনিই পার্টি চালাচ্ছেন। রাহুল এবং খাড়্গে তাঁর সঙ্গে শ্রীনগরে বৈঠক করবেন বলে ঠিক আছে।
দশ বছর পর জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন হতে যাচ্ছে। সেটি এখন আর রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল। তবে বিধানসভা ভোটের পর জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি এবার সেখানে আরও বেশি শক্তি নিয়ে ক্ষমতায় ফিরতে চাইছে। ২০১৪ থেকে ১৯ পর্যন্ত সেখানে পদ্মপার্টি এবং জম্মু-কাশ্মীরে স্থানীয় দল পিডিপির সরকার ছিল। পিডিপি নেত্রী মহবুবা মুফতি ইতিমধ্যে ঘোষণা করেছেন, তাঁরা কোন বড় দলের সঙ্গে বোঝাপড়ায় যাচ্ছেন না
এই পরিস্থিতিতে বিজেপি জম্মু-কাশ্মীরে মিত্র দলের সন্ধানে ফের রাম মাধবকে দায়িত্ব দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী জে কিষান রেড্ডিকেও উপত্যকার ভোটে দলের হয়ে কৌশল নির্ধারণের দায়িত্ব দিয়েছে অমিত শাহ, জেপি নাড্ডারা।
আরএসএসে বেড়ে ওঠা রাম মাধব মোদী জমানার গোড়ায় বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি আবার আরএসএস-এ ফিরে যান। সেই তাঁকেই আবার সঙ্ঘের সংসার থেকে তুলে এনে বিজেপিতে গুরুদায়িত্ব দেওয়া হল।
২০১৪ এর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে পিডিপির বোঝাপড়ায় রাম মাধবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া কাশ্মীরের বিশেষ মর্যাদার সাংবিধানিক অনুচ্ছেদ ৩৭০ বাতিলে দল ও সঙ্ঘের তরফে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন তিনি।
রাজনৈতিক মহল মনে করছে, জম্মু এলাকায় বিজেপির এবার ভাল ফল করার সুযোগ রয়েছে। কিন্তু উল্টো চিত্র কাশ্মীরে। ৩৭০ বিলোপের কারণে আঞ্চলিক কোন দলই পদ্ম শিবিরের সঙ্গে হাত মেলাতে চাইছে না। ৩৭০ বাতিলের পর এই প্রথম সেখানে বিধানসভার ভোট হতে যাচ্ছে। লোকসভা নির্বাচনে মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা নির্বাচিত সরকার পেতে আগ্রহী। দ্রুত রাষ্ট্রপতি শাসনের অবসান চান। এই অবস্থায় বিজেপি আরএসএসের প্রথমসারির মুখ রাম মাধবকে দলের দায়িত্ব দিল।