
শেষ আপডেট: 8 April 2025 17:26
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের চাকরি চলে যাওয়া শিক্ষকদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu, The President of India) চিঠি লিখেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) । লোকসভার বিরোধী দলনেতা (Leader of the opposition, Lok Sabha) তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল রাষ্ট্রপতিকে মঙ্গলবার লেখা চিঠিতে বলেছেন, সুপ্রিম কোর্টের রায়ে যোগ্য শিক্ষকদেরও চাকরি চলে গিয়েছে। তাঁদের স্কুলে ফেরার ব্যবস্থা করা দরকার। আপনি উপযুক্ত পদক্ষেপ করুন।
রাহুলের চিঠির প্রেক্ষিতে কী করতে পারেন রাষ্ট্রপতি? সংবিধান বিশেষজ্ঞ ও প্রশাসনিক মহলের মতে, রাষ্ট্রপতি বিধিসম্মত উপায়ে চিঠিটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে বিষয়টি বিবেচনার পরামর্শ দিতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতির পরামর্শ মেনে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টকে রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে পারেন।
রাহুল-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মঙ্গলবার সকাল থেকে আমদাবাদে রয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও সেখানে রয়েছেন। আছেন প্রাক্তন রাজ্য সভাপতি-সহ রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতারা। তাঁরা রাহুলকে বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং আদালতের রায়ে যোগ্য চাকরি চলে যাওয়ার বিষয়টি জানিয়ে থাকতে পারে। রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখার পক্ষে মত দিয়েছেন। মনে করা হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি যাওয়ার মতো স্পর্শকাতর বিষয়টি কংগ্রেসকেও ভাবিয়েছে।
দীর্ঘদিন পর আমদাবাদে এআইসিসি-র অধিবেশন বসেছে। অধিবেশনের ফাঁকে রাহুল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বাংলার যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর জন্য পদক্ষেপ করতে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছি।
আদালতের রায় উল্লেখ করে রাহুল রাষ্ট্রপতিকে লিখেছেন হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট, দু্ই আদালতই জানিয়েছে, চাকরি পাওয়া শিক্ষকদের একাংশ অনিয়ম করে চাকরি পায়। আর একদল যোগ্য। রাহুল লিখেছেন, যারা অনিয়ম করেছে তাদের অবশ্যই সাজা হওয়া দরকার। কিন্তু যোগ্য প্রার্থীদের চাকরি চলে যাওয়া মেনে নেওয়া যায় না।