
বাজার ঘুরে ঘুরে রাহুল সবজি মান্ডিতে আসার বিভিন্ন ক্রেতা-বিক্রেতার সঙ্গে আলাপ করেন।
শেষ আপডেট: 24 December 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: মোদী সরকারকে 'কুম্ভকর্ণ' বললেন রাহুল গান্ধী। মঙ্গলবার সকালে আচমকা দিল্লির সবজি বাজারে ঢুঁ মারার ছবি পোস্ট করলেন বিরোধী দলনেতা রাহুল। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ করে বাজারদর নিয়ে 'রামভক্ত' নরেন্দ্র মোদী সরকারকে রামায়ণের রাবণের ভাই কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকার তির মারেন কংগ্রেস নেতা।
বাজার ঘুরে ঘুরে রাহুল সবজি মান্ডিতে আসার বিভিন্ন ক্রেতা-বিক্রেতার সঙ্গে আলাপ করেন। খোঁজখবর নেন কোনটার দাম কত? আর শীতের মরসুমেও বিভিন্ন তরিতরকারি, আনাজপাতির দাম দেখে বিজেপি সরকারকে শূলে চড়ান রাহুল। তিনি বলেন, রসুনের দাম ৪০ টাকা থেকে ৪০০-য় চড়েছে। সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্কটে ভুগছেন। আর অন্যদিকে কেন্দ্রীয় সরকার কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে।
রাহুল আরও বলেন, সাধারণ মানুষ দৈনন্দিন প্রয়োজন মেটাতে ছোট ছোট জিনিসের জন্যও সমঝোতা করতে বাধ্য হচ্ছেন। রাহুলের সঙ্গে কথায় কথায় এক মহিলা ক্রেতা হাসির ছলে বলেন, সোনাও সস্তা। সোনার থেকে দামি হয়ে গিয়েছে রসুন। রাহুল বলেন, শীতেও কড়াইশুঁটি ১২০ টাকা কেজি, যা দেখে সকলেই আঁতকে উঠছেন।
কংগ্রেস নেতার কথায়, কিছুদিন আগে আমি সবজি বাজারে গিয়েছিলাম। দেখেছিলাম কীভাবে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সংসদের শীত অধিবেশনেও কংগ্রেস দ্রব্যমূল্য নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তোলে। যার নেতৃত্বে ছিলেন রাহুল গান্ধী স্বয়ং। এখন সংসদ মার্গ থেকে সেই লড়াই রোজকার বাজারে পৌঁছে দিলেন তিনি। রাহুল আরও বলেছেন, বাজারে ঢুকে এবং দরদাম শুনে মনে হল, মানুষ খাবে কী! আর সঞ্চয় করবে কী?
“लहसुन कभी ₹40 था, आज ₹400!”
— Rahul Gandhi (@RahulGandhi) December 24, 2024
बढ़ती महंगाई ने बिगाड़ा आम आदमी की रसोई का बजट - कुंभकरण की नींद सो रही सरकार! pic.twitter.com/U9RX7HEc8A
বাজারে এক মহিলাকে টম্যাটো দেখিয়ে বলতে শোনা গেল, আজ এটা অন্তত সস্তা। শুনে রাহুল বলেন, উনি এটাকে সস্তা বলছেন এই কারণে যে আজ টম্যাটোর দাম ১০০ টাকার নীচে নেমেছে। এক মহিলা দোকানদারের সঙ্গে দাম নিয়ে যখন ঝগড়া করছেন, তখন তাঁর পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে মিটিমিটি হাসতে দেখা গেল। ইনস্টাগ্রামে এই ভিডিওতে বাজার করতে আসা মহিলাদের সঙ্গে দরদস্তুর নিয়ে অনেক আলোচনা করতে দেখা গিয়েছে।
এক মহিলা জানান, প্রতিমাসে জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু গত তিন-চার বছর ধরে মাইনে বাড়ছে না। অনেক কিছু সাধআহ্লাদ ছেঁটেকেটে সংসার চালাতে হচ্ছে। তাতেও দিন কাটছে না। বাড়িভাড়া, সন্তানের লেখাপড়া চালাতে ঘাম ছুটে যাচ্ছে।