.webp)
শেষ আপডেট: 16 December 2023 15:01
দ্য ওয়াল ব্যুরো: সংসদে ঢুকে বেকার তরুণদের প্রতিবাদের ঘটনা নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। ১৩ ডিসেম্বর ওই ঘটনার সময় লোকসভায় ছিলেন ওয়ানাডের সাংসদ। দুই তরুণ সাগর শর্মা ও ডি মনোরঞ্জন সংসদের ভিডিটর গ্যালারি থেকে লাফ দিয়ে ধোঁয়া ছড়িয়ে চাকরি না পাওয়া, জিনিসপত্রের চড়া দাম এবং মণিপুরের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে থাকে। ধরে ফেলার পর কয়েকজন সাংসদ তাঁদের গায়ে হাত তোলে বলে অভিযোগ। রাহুল সেই সাংসদদের উদ্দেশে বলেন, ‘ওঁদের (বিক্ষোভকারীদের) বোধহয় কিছু বলার আছে। কোনও দাবিদাওয়ার কথা বলতে চান।’ তবে ঘটনাটি নিয়ে মিডিয়ার কাছে এতদিন মুখ খোলেননি তিনি।
শনিবার রাহুল বলেন, ওই ঘটনায় নিরাপত্তার সমস্যা অবশ্যই আছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটল সেটাকেও বিবেচনায় নেওয়া দরকার। তাঁর বক্তব্য, নরেন্দ্র মোদীর নীতির জন্যই দেশে চরম বেকারি দেখা দিয়েছে।
প্রসঙ্গত, সংসদের ওই ঘটনায় যুক্ত তরুণেরা বারে বারেই দাবি করে তারা উচ্চশিক্ষা নিয়েও চাকরিবাকরি না পেয়ে হতাশা থেকেই প্রতিবাদের ওই পথ বেছে নেন।
বিরোধীরাও গত কয়েকদিন ধরে সংসদে এই ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। তাদের বক্তব্য, মোদী সরকার বছরে দু কোটি কর্মসংস্থানের কথা বলেছিল। প্রতিশ্রুতির ধারেকাছেও যায়নি কর্মসংস্থান।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও শনিবার সংসদের ওই ঘটনা নিয়ে সরব হন। তিনি নিশানা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁর বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়ার কাছে মুখ খুলছেন। অথচ সংসদে বিবৃতি দিচ্ছেন না। এইভাবে সরকারই ঘটনাটিকে নিয়ে রাজনীতি করছে।
ওই ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার ও শাসক দলতে খোঁচা দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও। তাঁর বক্তব্য, মোদী সরকারের আসল সমস্যা হল সংসদের ঘটনায় তারা জওহরলাল নেহরুকে দায়ী করতে পারছে না। সব ব্যাপারেই এই সরকার প্রথম প্রধানমন্ত্রীকে নিশানা করে এসেছে।