
শেষ আপডেট: 20 October 2023 19:48
দ্য ওয়াল ব্যুরো: কখনও ভোরে উঠে পৌঁছে গিয়েছেন দিল্লির মাণ্ডি বাজারে। আবার কখনও দেখা গিয়েছে, হাইওয়ের ধারে মোটর মেকানিকের দোকানে গিয়ে গাড়ি মেরামত করতে। এককথায় জনসংযোগে কোনও খামতি রাখতে চান না তিনি। আর এবার রাস্তার পাশের দোকানে দাঁড়িয়ে ধোসা তৈরি করলেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।যা মুহূর্তে হয়ে যায় ভাইরাল।
আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচন। মূলত নির্বাচনী প্রচারে সেই রাজ্যে গিয়েছেন রাহুল গান্ধী। শুক্রবার তেলেঙ্গানার করিমনগর থেকে জাগতিয়াল জেলা পর্যন্ত ‘বিজয়ভেরি যাত্রা’ করেন তিনি। আর সেই যাত্রার মাঝেই ফের একবার জনসংযোগে নজর কাড়লেন রাজীব-পুত্র। শুক্রবার জাগতিয়াল জেলায় এক বাসস্ট্যান্ডের কাছে একটি ধোসার দোকানে ঢুকে ধোসা তৈরির চেষ্টা করেন রাহুল। তাঁর সতীর্থরা ক্যামেরাবন্দি করেছে সেই মুহূর্ত।
ভিডিওটিতে দেখা গিয়েছে, দোকানে ঢুকে প্যানে ধোসার ব্যাটার দিয়েছেন রাহুল। এরপর কড়াই থেকে গরম তেল তুলে ব্যাটারের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তিনি। কংগ্রেস সাংসদকে ধোসা তৈরিতে সাহায্য করছেন দোকানদার। ধোসা তৈরির পর পথচলতি মানুষজনের সঙ্গেও কথা বলেন রাহুল। আশেপাশের শিশুদের চকোলেটও দেন তিনি।
#WATCH | Telangana | Congress MP Rahul Gandhi made dosas at a tiffin cart, as he briefly halted at the NAC bus stop while going to Jagtial as part of the Congress Vijayabheri Yatra.
— ANI (@ANI) October 20, 2023
(Video: Telangana Congress) pic.twitter.com/FIXGfvxfkh
প্রসঙ্গত, নির্বাচনী প্রচার কিংবা কোনও সভায় রাজনৈতিক নেতাদের জনসংযোগের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে দেখা যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিছিয়ে নেই কেউই। আর সেই তালিকায় বেশ অনেকদিন আগে থেকেই প্রবেশ করেছেন রাহুল গান্ধীও। সম্প্রতি তারই এক নজির দেখা মিলল বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
১১৯ টি আসন বিশিষ্ট তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। ভোট গণনা হবে আগামী ৩ ডিসেম্বর। আপাতত সেই রাজ্যে নির্বাচনী প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলই। এদিন জাগতিয়াল নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধী ঘোষণা করেন, “কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের যে কোনও ফসলের কুইন্টাল প্রতি এমএসপি ৫০০ টাকার বেশি দেবে।” একইসঙ্গে বিআরএস সরকারকে তোপ দাগেন সনিয়া পুত্র। তিনি বলেন, “জনগণ ভেবেছিলেন, তেলঙ্গানায় ‘জনতা’ রাজত্ব করবে। কিন্তু যখন সরকার গঠিত হয়, তখন একটি একক পরিবারের শাসন প্রতিষ্ঠিত হয়।”