.png)
রাহুল গান্ধী।
শেষ আপডেট: 18 December 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: ফের আদানি-আম্বানি ইস্যুতে সরব রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার স্বচ্ছতা বজায় রাখার জায়গায় স্বজনপোষণের পুঁজিবাদকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। কংগ্রেস নেতার আরও দাবি, এর ফলে দেশের উৎপাদন শিল্প ক্ষেত্র মার খাচ্ছে। মুদ্রার অবমূল্যায়ন, রেকর্ড মাত্রায় বাণিজ্য ঘাটতি, বিশাল সুদের হার, বিক্রির পরিমাণ কমা ও আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।
একটি সংবাদমাধ্যমের খবরকে উল্লেখ করে কংগ্রেসের লোকসভার সদস্য সরকারকে তোপ দাগেন। ওই খবরে দেশের বাণিজ্য ঘাটতি ও আমদানি ঘাটতি সর্বকালের শিখরে পৌঁছেছে। এক এক্সবার্তায় রাহুল এই দৃষ্টান্ত টেনে বলেন, স্বচ্ছভাবে বাণিজ্যনীতি রূপায়ণের জায়গায় যদি সরকার পেয়ারের লোকজনদের হাতে দেশের অর্থনীতিকে তুলে দেয় তাহলে কী হবে? এর ফলে উৎপাদন থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি সবেতেই প্রভাব পড়বে।
What happens when a government prioritises crony businesses over play-fair businesses?
— Rahul Gandhi (@RahulGandhi) December 18, 2024
Result: Weakened manufacturing sector, depreciating currency, record high trade deficits, high interest rates, falling consumption and soaring inflation. pic.twitter.com/f5QWMmpose
শুধু বুধবারেই নয়, কয়েক বছর ধরে মোদী সরকারের বিরুদ্ধে আম্বানি-আদানিদের উপর উদারহস্ত হওয়ার বিরোধিতা করে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুবিধাভোগীদের পুঁজিবাদকে প্রশ্রয় দেওয়ার সমালোচনা বারবার শোনা গিয়েছে তাঁর মুখে। দেশের বিমানবন্দর, বন্দরগুলির আদানিদের হাতে তুলে দেওয়ার দৃষ্টান্ত তুলে মোদীকে তোপ দাগেন রাহুল।
আদানি ইস্যুতে সংসদে শীত অধিবেশনেই আলোচনার দাবিতে প্রায় রোজই সভা অচল করে দিচ্ছে কংগ্রেস। বর্তমানে বিরোধী এমপিরা অভিনব পদ্ধতিতে বিরোধিতার রাস্তা নিয়েছেন, যাতে ঘন নীল রঙের একটি ঝোলা কাঁধে তাঁরা আসছেন। যে ব্যাগের একদিকে গৌতম আদানি-নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ করে লেখা রয়েছে মোদী-আদানি ভাই ভাই। এর আগে একদিন রাহুল, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা সহ কংগ্রেস এমপিরা পিঠে একই কথা লিখে কালো জ্যাকেট পরে এসেছিলেন সংসদে।