
প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 November 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: ৩৫ জনের বিশাল বরযাত্রী নিয়ে মুম্বই থেকে সুদূর গুয়াহাটিতে বিয়ে করতে যাচ্ছিলেন বর। রুট ছিল মুম্বই থেকে হাওড়া। সেখান থেকে ট্রেন বদলে গুয়াহাটি। গ্যাঁড়াকল হয় মাঝের সময়টায়। গীতাঞ্জলি এক্সপ্রেসে তাঁরা হাওড়া আসছিলেন।
ট্রেন তখনও হাওড়া থেকে ১৫ কিলোমিটার দূরে। সেই সময়ে বরযাত্রীর দল বুঝতে পারেন হাওড়া নেমে ভিড়ের মধ্যে প্ল্যাটফর্ম বদলে গুয়াহাটি যাওয়া সরাইঘাট এক্সপ্রেসে ওঠ কার্যত অসম্ভব। সময়ে পৌঁছনো যাবে না কনের বাড়ি। বরযাত্রীর দলে বৃদ্ধ-শিশুরাও রয়েছে। কী করা যায় কী করা যায় অবস্থায় ত্রাতা হয়ে দাঁড়াল পূর্ব রেল।
বরযাত্রীদের তরফে চন্দ্রশেখর বাগ এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হাওড়া এবং সিনিয়র ডিসিএম হাওড়ার কাছে সাহায্যের আবেদন করেন। তখনই কর্তৃপক্ষের তরফে ব্যবস্থা নেওয়া হয়। গীতাঞ্জলি এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢুকতেই রেলের কর্মচারী এবং আধিকারিকরা মিলে একটি স্পেশ্যাল করিডর তৈরি করেন। সামান্য সময়ের মধ্যেই হাওড়ার নিউ কমপ্লেক্সের ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওল্ড কমপ্লেক্সের ৯ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যান বরযাত্রীর দল।
বয়স্কদের জন্য চারটি ব্যাটারি চালিত গাড়ি ও হুইলচেয়ারের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। সহায়তার জন্য রাখা হয় এক ডজনেরও বেশি রেলকর্মী।
পূর্ব রেলের তৎপরতায় বরযাত্রীর প্রত্যেকে সরাইঘাট এক্সপ্রেস ধরতে সফল হন। ঠিকঠাক সময়ে কনের বাড়িতেও পৌঁছে যান। রেলের এহেন ব্যবস্থায় চন্দ্রশেখর বাগ এক্স হ্যান্ডেলে রেলমন্ত্রী, রেলের আধিকারিক ও কর্মচারীদের ধন্যবাদ জানান।