
শেষ আপডেট: 20 December 2023 18:12
দ্য ওয়াল ব্যুরো: অমৃতসরের জানদিয়ালা গুরুর কাছে ঠিক যেন সিনেমার শ্যুটিং চলছে। গ্যাংস্টারকে ধাওয়া করে ছুটছে পুলিশ। এলোপাথাড়ি গুলি চালাচ্ছে গ্যাংস্টার। শেষে পুলিশের গুলি বিঁধল গ্যাংস্টারের শরীরে। হুমড়ি খেয়ে রাস্তায় পড়ল। পাঞ্জাবে গ্যাংস্টারদের ধরতে ধড়পাকড় চলছেই। এবার ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক পাচারকারী অমৃতপাল সিংকে নিকেশ করল পাঞ্জাব পুলিশ।
মাদক ও অস্ত্র কারবারের কিং পিন হয়ে উঠেছিল অমৃতপাল। পুলিশ জানিয়েছে, অমৃতপাল সিংকে ধরেত বহুবার ফাঁদ পাতা হয়েছে। কিন্তু প্রতিবারই নানা কৌশলে পালিয়ে গেছে সে। এবার খবর এসেছিল জানদিয়ালা গুরুর কাছে মাদক নিয়ে লেনদেনের জন্য আসতে পারে অমৃতপাল সিং। তাকে হাতেনাতে ধরতে আগে থেকেই পরিকল্পনা সাজিয়ে রেখেছিল পুলিশ।
বুধবার সকালে অমৃতপালকে মাদক-সহ গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে নিয়ে গিয়ে জেরা করার সময় অমৃতপাল জানায় তার কাছে ২ কেজি হেরোইন আছে। সেই পেটি বের করার সঙ্গে সঙ্গেই তার মধ্যে লুকনো পিস্তল বের করেই গুলি চালাতে থাকে অমৃতপাল।
পুলিশ জানাচ্ছে, গুলি ছুড়তে ছুড়তেই সে পালাতে থাকে। এমন অতর্কিত হামলার জন্য পুলিশও তৈরি ছিল না। তবে অমৃতপালকে ধরতে ধাওয়া করেন অফিসাররা। শুরু হয়ে যায় গুলির লড়াই। শেষে পুলিশের গুলিতেই নিহত হয় পাঞ্জাবের কুখ্যাত গ্য়াংস্টার।
পুলিশের দাবি, এটা 'এনকাউন্টার কিলিং' নয়। জেরা করার সময়ে অমৃতপাল গুলি চালাতে থাকে। কয়েকজন পুলিশ কর্মী আহতও হন। তাই আত্মরক্ষার্থেই গুলি করা হয় তাকে।
গ্যাংস্টার নিকেশ হওয়ার পরে তার সাঙ্গোপাঙ্গোদের খোঁজ করছে পুলিশ। অমৃতপালের গোপন ডেরা থেকে প্রচুর অস্ত্রশস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানা গেছে।