
গ্রাফিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 14 February 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো: ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপিত হলেও, ভারতের জন্য এই দিনটি এক গভীর শোক ও শ্রদ্ধার প্রতীক। ছয় বছর আগে, ২০১৯ সালের এই দিনে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪০ জন বীর সিআরপিএফ জওয়ান শহিদ হন। সেই কারণে, ভারতে এই দিনটি ‘কালো দিবস’ হিসেবেও মনে করা হয়।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, জম্মু থেকে শ্রীনগরগামী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর কনভয়ে জইশ-ই-মোহাম্মদ নামে একটি জঙ্গি সংগঠন আত্মঘাতী হামলা চালায়। ওই কনভয়ে ৭৮টি গাড়ি ছিল এবং ২,৫০০-এর বেশি সিআরপিএফ সদস্য ছিলেন। বিস্ফোরণে ৪০ জন জওয়ান শহিদ হন এবং আরও অনেকেই আহত হন। এই হামলা গোটা দেশকে নাড়িয়ে দেয়।
Homage to the courageous heroes we lost in Pulwama in 2019. The coming generations will never forget their sacrifice and their unwavering dedication to the nation.
— Narendra Modi (@narendramodi) February 14, 2025
আজকের দিনে সেই শহিদদের স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, '২০১৯ সালে পুলওয়ামায় যে সাহসী বীরদের হারিয়েছি, তাঁদের প্রতি শ্রদ্ধা। তাঁদের আত্মত্যাগ এবং জাতির প্রতি তাঁদের অটল নিবেদন আগামী প্রজন্ম কখনও ভুলবে না।'
প্রতিবছর এই দিনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশবাসী তাঁদের আত্মত্যাগ স্মরণ করে। ভালবাসার এই দিনে, দেশের রক্ষাকর্তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোই প্রকৃত দেশপ্রেমের প্রতিফলন বলে মনে করেন প্রধানমন্ত্রী।