
বন্দুক উঁচিয়ে ভয় দেখাচ্ছেন মনোরমা, পূজা খেদকার (ডান দিকে)
শেষ আপডেট: 18 July 2024 11:30
দ্য ওয়াল ব্যুরো: ক্রমশ বিপদ বাড়ছে খেদকার পরিবারের। পূজার আইএএস অফিসার হিসেবে নিয়োগ নিয়ে ইতিমধ্যে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছে। তাঁর বাবা-মায়ের বিরুদ্ধেও আলাদা করে জমি সংক্রান্ত ইস্যুতে মামলা দায়ের হয়েছিল। এবার সেই প্রেক্ষিতেই আটক করা হয়েছে পূজার মা মনোরমা খেদকারকে। তাঁর বিরুদ্ধে মামলা হওয়ার পরই বেপাত্তা হয়ে গেছিলেন তিনি।
কয়েকদিন আগেই মনোরমার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তাঁকে দেখা গেছিল কয়েকজন কৃষককে বন্দুক উঁচিয়ে ভয় দেখাতে। তারপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তাঁরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের রায়গড় জেলার এক লজ থেকে তাঁকে আটক করে পুনে পুলিশ। পুনে নিয়ে আসার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বিতর্কিত আইএএস ট্রেনি অফিসার পূজার বাবা দিলীপ এবং মা মনোরমার বিরুদ্ধে মূল অভিযোগ, কৃষকদের জমি জবরদখল করেছেন তাঁরা। তারই প্রতিবাদ করায় কয়েকজন কৃষককে বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়েছিলেন তিনি। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে মনোরমাকে বলতে শোনা গেছে, ''আমার নামে এই জমি আছে। যারা মানছে না তারা জমির কাগজ দেখাক।'' ভিডিওতে আরও এক ব্যক্তিকে বলতে শোনা যায়, জমির আসল মালিক তিনি আর সেই প্রমাণও তাঁর কাছে আছে। কিন্তু মনোরমা সেই দাবি না মেনে কার্যত তার সামনে বন্দুক উঁচিয়ে বলেন, কেউ যেন তাঁকে নিয়ম না শেখায়। যদিও এই ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।
যদিও এই ভিডিওটি এখনকার নয়, ২০২৩ সালের। পূজা খেদকারের বিষয়টি সামনে আসার পরই এই ভিডিও নতুন করে ভাইরাল হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। সেই পুরনো ভিডিওর ভিত্তিতে মনোরমাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে আবার এও জানা গেছে, কর্মরত অবস্থায় দু'বার সাসপেন্ড করা হয়েছিল পূজার বাবা দিলীপকেও। তার কারণ সেই দুর্নীতি!
ভুয়ো নথি জমা দিয়ে নিজেকে 'বিশেষভাবে সক্ষম' সাজিয়ে ইউপিএসএসি পরীক্ষা পাশ করার অভিযোগ উঠেছে পূজা খেদকারের বিরুদ্ধে। শুধু তাই নয়, ট্রেনি অফিসার হয়েও পদের অপব্যবহার করেছেন তিনি এমন অভিযোগও আছে। সেই প্রেক্ষিতে তাঁকে বদলিও করা হয়। এরই মাঝে জানা গেছে, ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল দিলীপের বিরুদ্ধে। প্রথমবার তিনি সাসপেন্ড হন ২০১৮ সালে। এর ঠিক দু'বছর পর আবার ২০২০ সালে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। ঘুষ নেওয়ার অভিযোগ ছাড়াও তাঁর বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ আনা হয়।