
পূজা খেদকার
শেষ আপডেট: 24 July 2024 11:07
দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত আইএএস ট্রেনি অফিসার পূজা খেদকারকে আইএএস ট্রেনিং অ্যাকাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছিল। ২৩ জুলাইয়ের মধ্যে তাঁকে সেখানে উপস্থিত হতে হত। কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও ট্রেনিং অ্যাকাডেমিতে যাননি পূজা। তাঁকে আগেই অবশ্য জানিয়ে দেওয়া হয়েছিল, আইএএস অফিসার হিসেবে তাঁর ট্রেনিং বাতিল করা হয়েছে।
একাধিক জায়গায় ভুয়ো নথি জমা দিয়ে নিজেকে 'বিশেষভাবে সক্ষম' প্রমাণ করে আইএএস পরীক্ষায় পাশ করার অভিযোগ উঠেছে পূজা খেদকারের বিরুদ্ধে। শুধু তাই নয়, ট্রেনি অফিসার হয়েও পদের অপব্যবহার করায় তাঁকে বদলিও করা হয়েছিল। কিন্তু তাঁকে নিয়ে বিতর্ক ক্রমশ বাড়তে থাকায় পূজার ট্রেনিং বাতিল করা হয় এবং খোদ ইউপিএসসি তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে, পূজার চাকরি চলে যাওয়াটা এখন সময়ের অপেক্ষা। এই অবস্থায় তিনি ট্রেনিং অ্যাকাডেমিতেও গেলেন না।
মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন তাঁকে তলব করেছিল। কিন্তু সেই তলবে সাড়া না দিয়ে পূজা নিজের জন্য যে আরও বিপদ বাড়ালেন তা বলাই যায়। এর আগে গত ১৬ জুলাই মহারাষ্ট্রের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পূজাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে, সরকারের সঙ্গে তাঁর ট্রেনিং বাতিল করা হয়েছে এবং আগামী ২৩ জুলাইয়ের মধ্যে তাঁকে মুসৌরিতে রিপোর্ট করতে হবে। সেই চিঠিরও কোনও উত্তর দেননি পূজা, এমনটাও সূত্রের খবর।
জাল রেশন কার্ড, ভুল বাড়ির ঠিকানা এবং 'বিশেষভাবে সক্ষম' হওয়ার নকল সার্টিফিকেট জমা দিয়ে পূজা পরীক্ষায় পাশ করার সুযোগ নিয়েছেন এবং পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইএএস অফিসার হিসেবে চাকরি পেয়েছেন বলেই অভিযোগ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি জানিয়েছে, পূজা খেদকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তারা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছে। এই নিয়ে ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে মামলাও করা হয়েছে। সেই প্রেক্ষিতে বলা যায়, দুর্নীতি প্রমাণ হলে চাকরি চলে যাবে পূজার।
ইউপিএসসি-র তরফে জানানো হয়েছে, পূজার বিরুদ্ধে তদন্তে তারা জানতে পেরেছে যে তিনি বহু জায়গায় নিজের ভুয়ো নথি জমা দিয়েছিলেন। কোনও কোনও জায়গায় তাঁর বাবা-মার নাম, ঠিকানা, ফোন নম্বর সবই ভুল ছিল। সেই অনুযায়ী তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ভাবনা নেওয়া হয়েছে।