
শেষ আপডেট: 18 December 2023 18:58
দ্য ওয়াল ব্যুরো: মদ কেলেঙ্কারির ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মুখে একবার তাঁকে তলব করা হয়েছিল। সেদিন কেজরিওয়াল যাননি। এবার ঘটনাচক্রে এমন সময়ে নোটিস পাঠানো হল, যখন দিল্লিতে বিরোধী জোটের বৈঠক নিয়ে তোড়তোড় চলছে।
মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হবে। সেই জোটে কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, নীতীশ কুমার প্রমুখ উপস্থিত থাকবেন। তার আগে আবার জোটের মধ্যেই প্রেসার গ্রুপ তৈরির চেষ্টা চলছে। এরই মধ্যে ইডি-র চিঠি কিছুটা ছন্দপতন ঘটিয়েছে।
আম আদমি পার্টির মুখপাত্র অবশ্য বলেছেন, এতে ছন্দপতন ঘটেনি। বরং ইন্ডিয়া জোটের বৈঠকের সময়ে ইডি-সিবিআই যে সক্রিয় থাকবে তা আগাম আন্দাজ করা যাচ্ছিল। সুতরাং ঠিক লাইনেই এগোচ্ছে ওরা। বিজেপির কাছে থেকে এর চেয়ে বেশি প্রত্যাশা করা যায় না। বরং বিজেপি কী কী করতে পারে তা এখন সাধারণ মানুষও বলে দিতে পারবে।
বিরোধীদের অভিযোগ, লোকসভা ভোটের আগে আম আদমি পার্টিকে চাপে ফেলতেই এই কৌশল নেওয়া হয়েছে।
গত লোকসভা ভোটে দিল্লির ৭টি আসনের ৭টিতেই জিতেছিল বিজেপি। কিন্তু পরে দেখা যায় বিধানসভা ভোটে ডাহা ফেল করেছে। ফের দিল্লি বিধানসভা নির্বাচনে জিতে যায় আম আদমি পার্টি। শুধু তা নয়, দিল্লির পর পাঞ্জাবেও এখন ক্ষমতা দখল করেছে আপ। ফলে লোকসভায় এবার আসন বাড়ানোর লক্ষ্য নিয়েছে তারা। কেজরিওয়ালের পার্টির দাবি, বিজেপি আসন কমার ভয়েই এই সব করছে।
তবে রাজ্য বিজেপি নেতা মনোজ তিওয়ারি এদিন বলেন, কেজরিওয়াল যদি ধোয়া তুলসীপাতা হন, তাহলে ইডিকে এড়িয়ে যাচ্ছেন কেন! ওনার তো ভয় পাওয়ার কারণ নেই। তাহলে কি মদ কেলেঙ্কারির উনিই মাথা! সেই জন্যই কি ভয় পাচ্ছেন?