
প্রিয়ঙ্কা গান্ধী
শেষ আপডেট: 18 December 2024 17:09
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লোকসভায় পেশ করা হয়েছে 'এক দেশ এক ভোট' বিল। সেই নিয়ে বিরোধীরা হই হট্টগোল শুরু করেছিল। তবে সেই বিল সংসদের যৌথ কমিটিতে পাঠানো হবে বলেই জানিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সেই কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী।
কেরলের ওয়েনাড় থেকে প্রথমবার ভোট লড়েই জিতে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। সংসদে ইতিমধ্যেই তাঁকে কড়া ভাষণ দিতে শোনা গেছিল। এবার 'এক দেশ এক ভোট' বিলের জন্য যৌথ সংসদীয় কমিটিতে প্রিয়ঙ্কাকে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে কমিটিতে জায়গা পেয়েছেন কংগ্রেসের সাংসদ মণীশ তিওয়ারি, সুখদেও ভগত এবং রণদীপ সিং সুরজেওয়ালা।
মঙ্গলবার এই বিল পেশের পর মণীশ তিওয়ারি বলেছিলেন, এই বিল একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে দেশে। তাই এই বিল দ্রুত সম্ভব বাতিল করা উচিত। অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, সংবিধানের ভিতকেই নড়িয়ে দিচ্ছে এই বিল। কোনও ভাবেই এটি লাগু হওয়া উচিত নয়। তাঁর স্পষ্ট কথা, ব্যক্তিভিত্তিক স্বার্থরক্ষার জন্যই এই বিল আনা হয়েছে।
এই দাবি অবশ্য পাত্তা দেননি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি মঙ্গলবার নির্ধারিত সময়ে লোকসভায় এই বিল পেশ করে তাঁর উপকারিতা ব্যাখ্যা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, দেশের নির্বাচনী পদ্ধতি সংস্কারের জন্য এই পরিবর্তন আবশ্যিক। আর এই বিল যে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো বা সংবিধানকে আঘাত করছে না, তাও স্পষ্ট করেছেন তিনি।
'এক দেশ এক ভোট' বিল নিয়ে ভোটাভুটিতে বিলের পক্ষে ২৬৯টি ভোট পড়েছে। আর বিপক্ষে পড়েছে ১৯৮টি ভোট। লোকসভা এবং রাজ্যসভায় এখন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা আছে। তবে সংসদের দুই কক্ষে বিল পাশ করালেই হবে না, দেশের দুই-তৃতীয়াংশ রাজ্যের বিধানসভারও সম্মতি প্রয়োজন নয়া ব্যবস্থার পক্ষে। এই প্রেক্ষিতেই বিরোধীরা বিজেপি সরকারকে নিশানা করেছে।