ইউএনজিএ-র (United Nations General Assembly) ৮০তম অধিবেশন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। উচ্চপর্যায়ের সাধারণ আলোচনা চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রচলিত নিয়ম অনুযায়ী, অধিবেশনের প্রথম বক্তা থাকবে ব্রাজিল, এরপর আমেরিকা।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 August 2025 09:06
দ্য ওয়াল ব্যুরো: জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) বার্ষিক উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিউইয়র্কে জাতিসংঘের তরফে প্রকাশিত বক্তাদের প্রাথমিক তালিকায় তাঁর নাম উল্লেখ করা হয়েছে। তাই আগামী মাসেই মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে কি দুই দেশের শুল্কযুদ্ধের মধ্যেই মুখোমুখি হতে পারেন মোদী-ট্রাম্প? এনিয়ে কৌতূহল বাড়ছে।
ইউএনজিএ-র (United Nations General Assembly) ৮০তম অধিবেশন শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। উচ্চপর্যায়ের সাধারণ আলোচনা চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রচলিত নিয়ম অনুযায়ী, অধিবেশনের প্রথম বক্তা থাকবে ব্রাজিল, এরপর আমেরিকা। ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) তাঁর দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।
বক্তাদের প্রাথমিক তালিকা অনুযায়ী, ভারতের 'সরকারের প্রধান' (Head of Government) ২৬ সেপ্টেম্বর সকালে অধিবেশনে ভাষণ দেবেন। একইদিনে ইজরায়েল, চিন, পাকিস্তান এবং বাংলাদেশের 'সরকারের প্রধান'রাও সাধারণ আলোচনা অধিবেশনে বক্তব্য রাখবেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন সফরে গিয়ে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে আসেন। সেই বৈঠকের পর যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয়, ২০২৫ সালের মধ্যে (অক্টোবর-নভেম্বর) পারস্পরিকভাবে লাভজনক বহু-খাতভিত্তিক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (বিটিএ) প্রথম ধাপ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তবে, এই আলোচনার মাঝেই ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করে দেন। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক থাকবে রাশিয়ান তেল কেনার জন্য, যা ২৭ অগস্ট থেকে কার্যকর হবে।
এই শুল্ক আরোপের জবাবে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, 'ভারতকে টার্গেট করে এই পদক্ষেপ অন্যায্য ও অযৌক্তিক। যেকোনও বড় অর্থনীতির মতোই ভারতও দেশের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'
ট্রাম্পের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশ ঘোষণার সময়েই জানা যায়, ২৫ অগস্ট থেকে মার্কিন প্রতিনিধি দল ভারতে আসবে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ষষ্ঠ দফার আলোচনায় অংশ নিতে। দুই দেশই এই বছরের নভেম্বর মাসের মধ্যে চুক্তির প্রথম ধাপ সম্পন্ন করতে চায়।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তাদের তালিকা আপাতত প্রাথমিক এবং আগামী কয়েক সপ্তাহে এতে পরিবর্তন হতে পারে। প্রতিবছরের মতো এবারও সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে শুরু হবে বিশ্বের ব্যস্ততম কূটনৈতিক মরসুম।
এ বছরের অধিবেশন শুরু হচ্ছে ইজরায়েল-হামাস যুদ্ধ এবং ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে। ট্রাম্প দাবি করেছেন, দ্বিতীয় মেয়াদের ছয় মাসে তিনি একাধিক যুদ্ধ মিটিয়ে দিয়েছেন, যার মধ্যে রয়েছে আর্মেনিয়া-আজারবাইজান, কম্বোডিয়া-থাইল্যান্ড, ইসরায়েল-ইরান, রুয়ান্ডা-কঙ্গো প্রজাতন্ত্র, মিশর-ইথিওপিয়া এবং সার্বিয়া-কসোভোর মধ্যে শান্তিচুক্তি। এছাড়াও, মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্বও বারবার নিজের বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।