
নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 5 June 2024 13:23
দ্য ওয়াল ব্যুরো: বুধবার বিকেলে বিদায়ী মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিনই রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই শুরু হয়ে যাবে নতুন সরকারের শপথগ্রহণের কর্মকাণ্ড।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য আগামী ৮ জুন সন্ধেয় শপথগ্রহণ অনুষ্ঠান করা হতে পারে। ওই দিনই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদী।
জানা যাচ্ছে, বুধবার বিকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ’র বৈঠক হতে পারে। সেখানেই শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে বিশদে আলোচনা হতে পারে।
এবারের ভোটে চারশো পারের স্লোগান তুলেছিল এনডিএ। মোদীর ওই স্লোগান অবশ্য পূরণ হয়নি। দলকে সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দিতে না পারার জন্য অনেকেই মোদীকে দুষছেন। তাঁদের মতে, বিপুল সংখ্যক আসনে জিততে না পারার দায় স্বীকার করে অবিলম্বে মোদীর উচিত প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়া।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এক বাক্য একথা বলেছেন। বিজেপির অন্দরেও অনেকে মনে করছেন, ব্যর্থতার দায় নিয়ে মোদীর সরে গিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া দরকার। বিশেষ করে এবার যখন এনডিও শরিকদের সমর্থন নিয়ে সরকার চালাতে হবে।
তবে শপথ অনুষ্ঠানের দিনক্ষণ সামনে আসতে একটা বিষয় স্পষ্ট, ফের মোদীর নেতৃত্বেই সরকার গঠন করতে চলেছে এনডিএ।