
শেষ আপডেট: 1 February 2024 11:39
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হচ্ছে। তার মধ্যে খারাপ খবর। দাম বেড়ে গেছে রান্নার গ্যাসের। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকেই নতুন দামে বিক্রি হবে রান্নার গ্যাস।
অয়েল মার্কেটিং সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ১ ফেব্রয়ারি থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে বাড়তি ১৪ টাকা দিতে হবে। অর্থাৎ এখন এই সিলিন্ডারের দাম ১৭৫৫ টাকা। যদিও ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
দুই সিলিন্ডারের মধ্যে তফাৎ কী? আসলে সাধারণ বাড়িতে ১৪ কেজির এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। আর ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় হোটেল বা রেস্তোরাঁয়। তাই এই দাম বৃদ্ধিতে গৃহস্থ বাড়ির খুব একটা সমস্যা হবে না বলেই ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে অন্তবর্তী বাজেট পেশ করা শুরু হয়েছে। নতুন সরকার তৈরির পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। অধিবেশন শুরুর আগেই ভাষণে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের দাবি, ভোটের মুখে আয়কর থেকে কর্মসংস্থান, কৃষকদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়া সহ বিভিন্ন বিষয়ে নির্মলার বাজেট মধ্যবিত্তের মুখে হাসি ফোটাতে পারে।