
টেনিস তারকার ভূমিকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!
শেষ আপডেট: 11 July 2024 11:38
দ্য ওয়াল ব্য়ুরো: শাড়ির পরিবর্তে পরনে সালোয়ার কামিজ। পায়ে সাদা স্পোর্টস শ্যু। হাতে ব্যাডমিন্টন র্যাকেট। কোমরে ওড়না বেঁধে একেবারে টেনিস তারকার ভূমিকায় ধরা দিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু!
শুধু তাই নয়, ১ পয়েন্টে হারালেন অলিম্পিক পদকজয়ী সাইনা নেহওয়ালকে। রাষ্ট্রপতি ভবনের তরফে বুধবার ২৩ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়। ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও।
#WATCH | President Droupadi Murmu played badminton with ace shuttler Saina Nehwal at the Badminton Court in Rashtrapati Bhavan, Delhi today.
— ANI (@ANI) July 10, 2024
(Video: Rashtrapati Bhavan) pic.twitter.com/sLmFqQSMtk
স্বভাবতই, নতুন রূপে রাষ্ট্রপতিকে দেখে বিস্ময় যেন কাটছেই না আমজনতার। ভাইরাল পোস্টে উঠে এসেছে তেমনই একাধিক মন্তব্য। একই সঙ্গে 'টেনিস তারকা' দ্রৌপদীকে শুভেচ্ছাও জানিয়েছেন অনেকে।
২০১২ অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হন সাইনা। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, তাঁর সঙ্গে ব্যাডমিন্টন খেলতে পেরে রাষ্ট্রপতি অত্যন্ত খুশী। সেই সূত্রে এও জানা গেছে, ৬৬ বছর বয়সেও খেলার প্রতি ঝোঁক রয়েছে রাষ্ট্রপতির। সময় সুযোগ পেলে মাঝে মধ্যে তিনি ব্যাডমিন্টন কোর্টে নেমেও পড়েন।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, একেবারে পেশাদার খেলোয়াড়ের ভঙ্গিমায় অলিম্পিক জয়ী সাইনার সঙ্গে টেনিস কোর্টে খেলছেন রাষ্ট্রপতি। এমনকী সাইনাকে এক পয়েন্টে হারিয়েও দেন তিনি।
হঠাৎ রাষ্ট্রপতি ভবনে সাইনা কেন? সূত্রের খবর, বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে 'হার স্টোরি-মাই স্টোরি’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের অন্যতম প্রধান বক্তা হিসেবে ডাকা হয়েছে সাইনাকে।