
অনীশ সরকার। ফাইল ছবি।
শেষ আপডেট: 26 December 2024 15:25
দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার ১৭ জনের হাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার তুলে দিলেন। তারমধ্যে রয়েছে ৩ বছরের বঙ্গ-দাবাড়ু অনীশ সরকার। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন (FIDE) কলকাতার এই বিস্ময়বালককে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে তালিকায় স্থান দিয়েছে। সেই বিরল কৃতিত্বের জন্য এদিন রাষ্ট্রপতির কাছ থেকে মানপত্র ও পুরস্কার হাতে তুলে নেয় সে।
দেশের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন ক্ষেত্রে বিরল সাহসিকতা, শিল্প-সংস্কৃতি, সৃজনশীলতা, বিজ্ঞান-প্রযুক্তি, সমাজসেবামূলক, ক্রীড়া, পরিবেশ সংক্রান্ত নজির সৃষ্টিকারী নাবালক-নাবালিকাদের এই বিশেষ সম্মান দেওয়া হয়। এবার এই সম্মান পেল ৭ জন নাবালক ও ১০ জন নাবালিকা। ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে তাদের নির্বাচিত করা হয়েছে। একটি পদক, মানপত্র এবং শংসাপত্র দেওয়া হয়েছে।
পুরস্কারপ্রাপকদের মধ্যে রয়েছে কেয়া হাটকর। শিল্প-সংস্কৃতিতে তার অনবদ্য অবদানের জন্য ১৪ বছরের কেয়াকে সম্মানিত করেন রাষ্ট্রপতি মুর্মু। স্পাইনাল মাসকুলার এট্রোফি অসুখে আক্রান্ত কেয়া সর্বাধিক বিক্রিত সাহিত্যের রূপকার। এছাড়াও 'IM POSSIBLE' and 'SMA-ART' নামে দুটি উদ্যোগ নিয়েছে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সচেতনতা গড়ে তুলতে।
১২ বছরে আয়ান সাজাদ হল একজন সুফি গায়ক। কাশ্মীরের বাসিন্দা। কাশ্মীরি সুর ও বাজনায় অসামান্য অবদানের স্বীকৃতি পেল বৃহস্পতিবার। 'বেদর দদ ছানে' নামে তার গান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক খ্যাতি পেয়েছে। যাতে মানুষকে তাদের শিকড়ের সঙ্গে জুড়ে থাকার কথা রয়েছে। ব্যাস ওম জিগনেসের বয়স ১৭ বছর। সে সেরিব্রাল পালসিতে আক্রান্ত। সংস্কৃত সাহিত্যে তার নিষ্ঠা ও চেষ্টার কারণে সে সম্মানিত হল এদিন। সে ৫,০০০ শ্লোক একসঙ্গে বলতে পারে। সারা ভারতে এ পর্যন্ত সে ৫০০টি পাঠসভা করেছে।
সাহসিকতার ক্ষেত্রে সম্মানিত হয়েছে সৌরভ কুমার। মাত্র ৯ বছর বয়স। ডুবে যাওয়ার হাত থেকে সে তিনটি মেয়েকে বাঁচিয়েছিল। ১৭ বছরের ইয়োন্না থাপা আগুনের হাত থেকে একটি ফ্ল্যাটের ৩৬ জনকে রক্ষা করায় সম্মানিত হয়েছে। দ্রুত বুদ্ধিমত্তা ও তৎপরতা দেখিয়ে তারা প্রাণরক্ষা করেছিল সাহসী ভূমিকা নিয়ে।
সৃজনশীলতার জন্য পুরস্কার পেয়েছে সিন্ধুরা রাজা। পারকিনসন আক্রান্ত রোগীদের জন্য সেল্ফ স্টেবিলাইজিং ডিভাইজ তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছে সে। একইভাবে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে ১৭ বছরের ঋষিক কুমার কাশ্মীরের প্রথম সাইবার সিকিউরিটি ফার্ম তৈরি করেছে, যার লক্ষ্য হ্যাক-ফ্রি ভারত। কোম্পানির নামও তাই।
ক্রীড়াক্ষেত্রে নকশাল অধ্যুষিত এলাকার জুডো খেলোয়াড় হেমবতী নাগ খেলো ইন্ডিয়া জাতীয় ক্রীড়ায় রুপো জিতেছিল। ৯ বছরের সাঁওভি সুদ মাউন্ট কিলিমাঞ্জারো সহ একাধিক শৃঙ্গ জয় করে সকলের তারিফ কুড়িয়েছে। তাদেরও এদিন পুরস্কৃত করেন দ্রৌপদী মুর্মু। এদের মধ্যে সর্বকনিষ্ঠটি ছিল অনীশ সরকার।