
রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী। ফাইল ছবি।
শেষ আপডেট: 2 May 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: বহুচর্চিত আমেঠি লোকসভা কেন্দ্রে আগামিকাল, শুক্রবার, বেলা ১১টায় মনোনয়নপত্র জমা দিচ্ছে কংগ্রেস। মনোনয়ন জমার সব প্রস্তুতি শেষ বলে বৃহস্পতিবার জানিয়েছেন দলীয় নেতা দীপক সিং। তিনি বলেন, মনোনয়নপত্র তৈরি এবং জমা দেওয়ার সব প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে। কাল মনোনয়নের শেষদিনে আমেঠিতে কংগ্রেস প্রার্থী তা জমা দেবেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এদিনই জানান, সন্ধ্যার মধ্যে এই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করবেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর কথায়, আমরা সকলেই চাই আমেঠি থেকে রাহুল এবং রায়বেরলি থেকে প্রিয়ঙ্কা প্রতিদ্বন্দ্বিতা করুন। কিন্তু, তাঁরা দুজনেই দলের তারকা প্রচারক। ফলে তাঁদের দেশময় ঘুরে প্রচার করে বেড়াতে হচ্ছে। তবে শেষপর্যন্ত তাঁরা দাঁড়াবেন কিনা সেটা তাঁরাই ঠিক করবেন। তাঁদের পছন্দই শেষ কথা।
তাঁর কাছে স্পষ্টভাবে জানতে চাওয়া হয় যে, আমেঠি কেন্দ্রে রাহুল গান্ধী এবং রায়বেরলি থেকে প্রিয়ঙ্কা গান্ধী দাঁড়াচ্ছেন কিনা। সে ব্যাপারে কিছু না বললেও দীপক সিং বলেন, প্রক্রিয়া সাঙ্গ। কাল বেলা ১১টায় মনোনয়ন জমা দেবে কংগ্রেস। তিনি আরও বলেন, আমেঠির মানুষ রাহুল অথবা প্রিয়ঙ্কাকে প্রার্থী হিসেবে চান। আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর নাম আজই ঘোষণা করা হবে।
আমেঠি ও রায়বেরলি কেন্দ্রের প্রার্থী নির্বাচনের ভার আপাতত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের উপর ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সেই খাড়্গে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এনডিএ প্রার্থীদের প্রতি মোদীর নির্দেশকে কেন্দ্র করে। খাড়্গে বলেছেন, আপনার সুপারিশ ও পরামর্শের সুর এবং বিষয় বেপরোয়া এবং উদ্বেগের। তাঁর পদমর্যাদা অনুযায়ী চিঠির ভাষা নয়।
ভোটাররা যথেষ্ট সচেতন, কোনটা সত্য এবং কোনটা বারবার করে বলা মিথ্যা তার তফাত বোঝে দেশের মানুষ। মিথ্যাকে কোনওদিন সত্যে পরিণত করা যায় না। এই চিঠির মাধ্যমে আপনি আপনার মিথ্যাগুলোকে প্রচারের শীর্ষে আনার পরামর্শ দিয়েছেন। যা আপনার মতো পদে থাকা ব্যক্তিকে মানায় না।
খাড়্গে অভিযোগ তুলে বলেছেন, আপনি যে তুষ্টিকরণের রাজনীতির কথা বলেছেন, তার মধ্যে কোথাও চিনের নাম নেই। আজ পর্যন্ত আপনি চিনকে অনুপ্রবেশকারী বলতে দ্বিধা করছেন কেন! চিন প্রসঙ্গে আপনার কথা, না কোই ঘুসা হ্যায়, না হি কোই গুস আয়া হ্যায়। তাহলে গালওয়ানে আমাদের ২০ জন জওয়ান শহিদ হল কী করে, প্রশ্ন তুলেছেন খাড়্গে।
কংগ্রেস সভাপতি আরও লিখেছেন, কেবল মুসলিমরাই আমাদের ভোটব্যাঙ্ক নয়। সমগ্র ভারতবাসী আমাদের ভোটব্যাঙ্ক। দেশের সমস্ত গরিব, দলিত এবং আদিবাসী আমাদের দলের সম্পদ।