
মহিলা যাত্রী ও অভিযুক্ত হেমরাজের ছবি
শেষ আপডেট: 7 February 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের চেষ্টায় বাধা দিয়েছিলেন। সে কারণে চলন্ত ট্রেন থেকে একেবারে লাথি মেরে গর্ভবতী মহিলাকে ফেলে দেওয়ার অভিযোগ। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ নাগাদ তামিলনাড়ুর কোয়েম্বাটুরে দুর্ঘটনাটি ঘটে। পরে অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, ৩৬ বছর বয়সি মহিলা রেবতী একাই কোয়েম্বাটুর-তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেসে উঠেছিলেন। অন্ধ্রপ্রদেশের ত্রিপ্পুর থেকে চিত্তুরে যাচ্ছিলেন তিনি।
আরপিএফ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম হেমরাজ (২৭)। ভোর ৬টা ৪০ নাগাদ একটি অসংরক্ষিত টিকিট নিয়ে এক্সপ্রেস ট্রেনের মহিলা কোচেই চেপে বসএ। সে সময় ওই কোচে আরও সাতজন মহিলা বসেছিলেন।
এরপর ট্রেনটি সকাল ১০টা ১৫ নাগাদ জোলারপেট্টাই স্টেশনে পৌঁছলে অনান্য সব মহিলারা নেমে যান। কিছুক্ষণ পরে অভিযুক্ত ওই গর্ভবতী মহিলাকে দেখতে পেয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। মহিলা বাধা দিলে পরিস্থিতি আরও খারাপ হয়। রাগে মহিলাকে লাথি মেরে যুবক চলন্ত ট্রেন থেকে ফেল দেয় বলে খবর।
মহিলার হাত, পা এবং মাথায় গুরুতর চোট লেগেছে। তাঁকে বর্তমানে ভেলোর সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে আরপিএফ জানতে পেরেছে, ওই মহিলা বাপের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।
পুলিশ জানুয়েছে, যুবকের বিরুদ্ধে আগে থেকেই অনেক অভিযোগ রয়েছে। এর আগে ডাকাতি ও খুনের ঘটনায় গ্রেফতারও হয়েছিল সে।