
শেষ আপডেট: 8 January 2024 00:08
দ্য ওয়াল ব্যুরো: ঘরে ঘরে আসুক রামলালা! তাই অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই সন্তানের জন্ম দিতে চান হবু মায়েরা। উত্তরপ্রদেশে চিকিৎসকদের এমনই আর্জি জানিয়েছেন তাঁরা। আর সে রাজ্যের গর্ভবতী মহিলাদের সেই ‘আবদার’ মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে একাধিক সরকারি হাসপাতাল।
আগামী ২২ জানুয়ারী রামমন্দিরের উদ্বোধন। সেই দিনই যোগীরাজ্যের বেশিরভাগ অন্ত:সত্ত্বা মহিলারা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাইছেন। চিকিৎসকদের কাছে এহেন আর্জি নিয়ে সটান পৌঁছে গিয়েছেন তাঁরা। এদিকে একদিনে এত বেশি সিজার ডেলিভারি করতে গিয়ে নাজেহাল অবস্থা হাসপাতালগুলির। একইসঙ্গে বিশেষ দিনে সন্তানের জন্ম দিতে গিয়ে না জানি মা বা সদ্যোজাতের কোনও সমস্যা হয়, সেই চিন্তাও ভাবাচ্ছে চিকিৎসকদের।
কানপুর মেডিক্যাল কলেজের শিশু এবং প্রসূতি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সীমা দ্বিবেদী জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি তাঁদের হাসপাতালে ৩৫ জন অন্তঃসত্ত্বা সন্তানের জন্ম দেবেন। এঁদের মধ্যে অনেক মহিলারই ২২ জানুয়ারির আগে এবং পরে ডেলিভারি হওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা চান, রামলালার প্রাণপ্রতিষ্ঠার ‘পবিত্র দিনে’ তাঁদের অস্ত্রপচার করা হোক। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ২২ জানুয়ারি ডেলিভারি করাতে চাওয়া অন্তঃসত্ত্বাদের সংখ্যা।
অনেক হবু মায়েরা আবার চাইছেন, ২২ তারিখ মূল অনুষ্ঠানের দিন যদি নাও হয় তাহলেও সাতদিন ব্যাপী প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের মধ্যে যে কোনও একদিন জন্ম নিক তাঁদের সন্তান। সেক্ষেত্রে পুরোহিতের সঙ্গে কথা বলে নির্দিষ্ট একটি মুহূর্তের আর্জিও জানিয়েছেন তাঁরা।
চিকিৎসকদের একাংশের মতে অবশ্য, এই ধরনের আর্জি খুব নতুন নয়। অনেকেই আজকাল জ্যোতিষীর পরামর্শ মেনে দিনক্ষণ বাছাই করেই সন্তানের জন্ম দিতে চান। কিন্তু যে ভাবে নির্দিষ্ট একটি তারিখে এত বিপুল সংখ্যক অন্তঃসত্ত্বা সন্তানের জন্ম দিতে চাইছেন, তা কার্যত নজিরবিহীন বলেই।