
শেষ আপডেট: 21 April 2024 07:48
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে চলছে ভোটগ্রহণ পর্ব। ১৯ এপ্রিল হয়েছে প্রথম দফা ভোট। ২৬ এপ্রিল দ্বিতীয় দফা। এভাবেই সাত দফা ভোট শেষে ৪ জুন হবে গণনা। গণনার আগে পর্যন্ত ইভিএম বা ভোটযন্ত্রগুলি রাখা হয় স্ট্রংরুমে। ফি-বারই স্ট্রংরুমে কারচুপির অভিযোগ তোলে বিভিন্ন রাজনৈতিক দল।
কমিশন সূত্রের খবর, বিরোধী রাজনৈতিক দলগুলির ওই কারচুপির অভিযোগ এড়াতে এবারে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে।
স্বীকৃত রাজনৈতিক দলগুলি চাইলে স্ট্রংরুমের বাইরে শিবির করে পাহারা দিতে পারেন। এমনকি সিসি ক্যামেরার মাধ্যমে তাঁরা স্ট্রংরুমের ভিতরের ছবিও চাক্ষুষ করতে পারবেন। এ ব্যাপারে চাইলে প্রার্থী নিজে সশরীরে স্ট্রংরুমের পরিস্থিতি নজরদারি করতে পারবেন। তবে এক্ষেত্রে বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে যেতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে। তবে সাদা কাগজ ছাড়া সঙ্গে কিছু রাখতে পারবেন না তিনি।
কমিশন সূত্রে জানা গেছে, প্রতিবারের মতো এবারও প্রতিটি স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে থাকছে এক প্ল্যাটুন অর্থাৎ ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তিনটি শিফটে ডিউটি করবেন তাঁরা। অর্থাৎ ২৪ ঘণ্টায় বিশেষ নিরাপত্তার ঘেরাটোপে থাকছে স্ট্রং রুম।
এছাড়াও প্রতিদিন দুবেলা স্ট্রংরুমে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কমিশনে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে রিটার্নিং অফিসারকে।
কমিশন সূত্রে জানানো হয়েছে, সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলতেই এই ব্যবস্থা। কমিশনের এই পদক্ষেপের প্রশংসা শোনা গিয়েছে রাজনৈতিকদলগুলির মুখে।