
ফাইল চিত্র
শেষ আপডেট: 27 February 2025 15:52
দ্য ওয়াল ব্যুরো: পুণের ধর্ষণকাণ্ডে (Pune Incident) অভিযুক্ত যুবকের খোঁজ পেতে মরিয়া হয়ে উঠছে পুলিশ। ইতিমধ্যে জানা গেছে, ১৩টি টিম যুবকের খোঁজে তল্লাশি অভিযান করছে। তাঁদের সঙ্গে রয়েছে যুবকের ছবি, স্নিফার ডগ। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। এবার ড্রোন (Drone) ব্যবহার করা হবে বলে জানা গেছে। পুলিশের অনুমান, আখের ক্ষেতে (Sugarcane Field) লুকিয়ে থাকতে পারে অভিযুক্ত। তাই আকাশ পথ দিয়ে তার খোঁজ চালানো হবে।
পুলিশ অভিযুক্ত যুবকের ছবি প্রকাশ করে ঘোষণা করেছে, তাকে ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকা পুরষ্কার হিসেবে দেওয়া হবে। অভিযুক্তর বাড়ির লোকের সঙ্গেও কথা বলেছে তারা। তবে এখনও পর্যন্ত তার হদিশ মেলেনি। বাসস্টপে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে ভুল বুঝিয়ে একটি বাসে তুলেছিলেন অভিযুক্ত রামদাস গারে। সেখানেই তরুণীকে ধর্ষণ করেন তিনি বলে অভিযোগ। আর যে বাস ডিপোয় এই ঘটনা ঘটেছে তার থেকে মাত্র ১০০ মিটার দূরেই পুলিশ স্টেশন! ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
কিন্তু হঠাৎ ধর্ষক ধরতে ড্রোন কেন? আসলে আখ গাছের উচ্চতা মোটামুটি ১০ ফুট হয়। তাই আখের ক্ষেতে ঢুকে কাউকে খুঁজে বের করে আনা ভীষণ কঠিন কাজ হবে। এই কারণেই ড্রোন ব্যবহার করতে চলেছে পুলিশ। যাতে অনেক ওপর থেকে ক্ষেতের ভিতর পর্যন্ত দেখা যায়। তাঁদের আশা, খুব তাড়াতাড়ি অভিযুক্ত যুবককে ধরা সম্ভব হবে। যদিও কেউ কেউ মনে করছেন, সবজির ট্রাকে লুকিয়ে নিজের গ্রামের বাড়ি চলে গেছে অভিযুক্ত। সেখানেই জামা, জুতো বদলেছে সে।
পুণে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পল্টনে নিজের বাড়ি যেতেন তরুণী। সেই কারণে ভোর ৫টায় পুণের স্বরগেট বাস ডিপোয় অপেক্ষারত ছিলেন তিনি। তরুণী পুলিশকে জানিয়েছেন, সেই সময়ই তাঁর সঙ্গে কথা বলতে আসে অজ্ঞাতপরিচয় এক যুবক। সে বলে, ডিপোয় 'শিবসহী'র যে বাস রয়েছে তাতে উঠে যেতে, সেটাই আগে ছাড়বে। তিনি ভেবেছিলেন যুবক হয়তো বাসের কোনও কর্মচারী হবেন। তাই তার কথা শুনে তিনি বাসে উঠে যান। তারপরই ঘটে বিপত্তি।
পুলিশ বলছে, ভোরবেলা এই ঘটনা ঘটায় বাসস্টপে হাতে গোনা কিছু লোক ছিলেন। তরুণীকে ভুল বুঝিয়ে একটি বাসে তুলে দরজা বন্ধ করে দিয়েছিল অভিযুক্ত। তরুণীর দাবি, ধর্ষণের পর তাঁকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল সে। তারপর বাস থেকে নেমে পালিয়ে যায়।