
শেষ আপডেট: 26 February 2024 10:09
দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে তিনি যে আত্মবিশ্বাসী নানা অবকাশে তা তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। গত সপ্তাহের গোড়ায় মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের তাঁর পরবর্তী মন্ত্রিসভার জন্য এখনই কাজ এগিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। বলেছেন, ‘কে মন্ত্রী থাকবেন না থাকবেন না, সেই ভাবনা ছেড়ে এখন থেকেই কাজে নেমে পড়ুন। তৈরি করে ফেলুন পরের পাঁচ বছরের কাজের রোড ম্যাপ।’
তাঁর মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী এই আত্মবিশ্বাস তুলে ধরেছেন। বলেছেন, ‘আপনাদের সঙ্গে আবার দেখা হবে ১১১তম পর্বে। এর থেকে ভাল আর কী হতে পারে। বলেছেন, ‘মন কি বাত হল জনগণের দ্বারা, জনগণের জন্য তৈরি অনুষ্ঠান।’
‘মন কি বাত’ অনুষ্ঠান তিন মাস বন্ধ রাখার কারণ নির্বাচন। আগামী মাসের মাঝামাঝি লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে। নির্ঘণ্ট ঘোষণার দিন থেকেই শুরু হয়ে যাবে আদর্শ আচরণবিধি। ওই দিন থেকে কোনও দল বা ব্যক্তি বাড়তি সরকারি সুবিধা পাবেন না। এমনকী মন্ত্রীরা শুধু মাত্র প্রশাসনিক কাজের প্রয়োজনে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন। দলীয় বা ব্যক্তিগত কাজে নয়। ‘মন কি বাত’ যেহেতু সরকারি প্রতিষ্ঠান আকাশবাণীর অনুষ্ঠান তাই ভোটের আদর্শ আচরণবিধি বহাল থাকাকালে তা প্রচার করা সম্ভব নয়।
তাঁর ১১০তম মন কি বাত অনুষ্ঠানে মোদী তাই বলেছেন, ‘দেশের ভোটে আবহ তৈরি হয়ে গিয়েছে। তাই আগামী তিন মাস এই অনুষ্ঠান বন্ধ রাখব।’ নির্বাচন কমিশনের আচরণবিধির প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন।
প্রতিমাসের শেষ রবিবার মোদী এই রেডিও অনুষ্ঠানের সূচনা করেন ২০১৪-র ৩ অক্টোবর, যা বিশ্বের সবচেয়ে বড় জনসংযোগ কর্মসূচি বলে ধরা হয়। আকাশবাণীর অনুষ্ঠান হলেও তা দূরদর্শন-সহ সরকারের যাবতীয় প্রচার মাধ্যমে প্রচারিত হয়ে থাকে। সরকারি সূত্রে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানের সুবাদে রেডিও’র প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। বিজ্ঞাপন থেকে বিপুল অর্থ উপার্জন করেছে আকাশবাণী ও দূরদর্শন। অনুষ্ঠানে মোদী চলমান নানা বিষয়ে নিজের মতামত ব্যক্ত করার পাশাপাশি কৃতি সাধারণ মানুষের কথা তুলে ধরেন।