
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 29 April 2025 18:40
দ্য ওয়াল ব্যুরো: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি বৈঠক ডেকেছেন, এ খবর আগে থেকেই ছিল। কিন্তু, মঙ্গলবার বিকেলে হঠাৎই শীর্ষস্তরীয় বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। মোদীর সরকারি বাসভবনে ডাকা ওই বৈঠকে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। অন্যদিকে, এদিনই প্রায় একই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আরও একটি গোপন বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহের মন্ত্রকের সচিব সহ বিভিন্ন শীর্ষ সারির আধিকারিকরা। মোদীর সঙ্গে বৈঠকে সিডিএস ছাড়াও ছিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ও বায়ুসেনা প্রধান অমরপ্রিত সিং।
পহলগাম হামলার যোগ্য প্রত্যাঘাত কী হতে পারে, তা ঠিক করতে আগামিকাল, বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় শীর্ষ বৈঠক বসতে চলেছে। মোদী ফের জরুরি বৈঠকে বসছেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে নিয়ে। সূত্রে জানা গিয়েছে, তিন বাহিনীর শীর্ষ আধিকারিকরাও বৈঠকে থাকতে পারেন। তবে বৈঠকের সারবস্তু গোপন রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশজুড়ে পহলগাম ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে আগেই পাকিস্তানের (Pakistan) নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা (Air Space) বন্ধ করার কথাও ভাবছে ভারত (India)।
ইসলামাবাদের পদক্ষেপের পাল্টা জবাব দিতে আকাশসীমা বন্ধের রাস্তায় হাঁটতে পারে নয়া দিল্লি (New Delhi)। যদি এমনটা হয় তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পৌঁছতে গেলে পাকিস্তানের উড়ানগুলিকে চিন বা শ্রীলঙ্কা আকাশপথ ব্যবহার করতে হবে।
সূত্রের খবর, কেন্দ্র পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। এতে পাক উড়ানগুলির সময় যেমন বেশি লাগবে, তেমনই বিমান চলাচলের খরচও বাড়বে। শুধু যে আকাশসীমা তাই নয়, সরকারি আধিকারিকদের সূত্র বলছে, ভারতীয় বন্দরগুলিতেও পাকিস্তানি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারির বিবেচনা করা হচ্ছে।