.webp)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 13 June 2024 17:36
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে নতুন করে জঙ্গি হামলা মোকাবিলায় সর্বশক্তিতে নেমে পড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ভূস্বর্গের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন। সেই আলোচনায় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পদস্থ অফিসাররা।
প্রসঙ্গত, আগামী ২১ জুন, আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষে শ্রীনগর যাচ্ছেন মোদী। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সহ প্রায় ৬ হাজার মানুষ সেখানে উপস্থিত থাকবেন। ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন কমপ্লেক্সে দশম আন্তর্জাতিক যোগদিবস পালন করবেন মোদী।
কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, জঙ্গি মোকাবিলা বিষয়ে প্রধানমন্ত্রীকে সবিস্তারে জানান আধিকারিকরা। নিরাপত্তা বাহিনীর কৌশল এবং অভিযান নিয়ে হালহকিকত তাঁকে বলা হয়। আলোচনায় প্রধানমন্ত্রী জঙ্গি হামলা রুখতে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। এই কাজে পুলিশ, সেনা, গোয়েন্দা বাহিনীকে পুরোদমে কাজে লাগানোর পরামর্শ দেন মোদী।
বুধবারই কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে মোদীর নীরবতায় সরব হয়েছিল কংগ্রেস। দল ছাড়াও সাংসদ রাহুল গান্ধী এক বার্তায় বলেছিলেন, পুণ্যার্থীদের পরিবারের কান্না কি শুনতে পাচ্ছেন না প্রধানমন্ত্রী? তার পরদিনই রাজ্যের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন তিনি।
পর্যালোচনা বৈঠক ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেন তিনি। একইসঙ্গে তিনি জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও ফোনে খোঁজখবর নেন। মোদীর এই পরিস্থিতি পর্যালোচনার কারণ হল রবিবার থেকে এ পর্যন্ত উপত্যকায় একের পর এক জঙ্গি হামলা ঘটে চলেছে।
রিয়াসি, কাঠুয়া এবং ডোডায় জঙ্গিদের হামলা হয়েছে। রবিবার রিয়াসিতে তীর্থযাত্রীদের বাসে অতর্কিতে জঙ্গিরা গুলি চালানোয় ১০ জন নিহত হন। মঙ্গলবার কাঠুয়া জেলায় হিরানগরের সাইদা সুখাল গ্রামে জঙ্গিদের গুলিতে এক সিআরপিএফ জওয়ান শহিদ হন। নিরাপত্তাবাহিনীর গুলিতে ২ জঙ্গিকেও নিকেশ করা গিয়েছে। ভাদেরওয়াতে একটি নিরাপত্তা বাহিনী ছাউনিতে জঙ্গিরা গুলি চালায় এমনকী গতকাল রাতেও গান্দোহতে সংঘর্ষে এক পুলিশ জখম হন।